পাটগ্রাম সরকারি গুদামে খারাপ চাল ঢুকিয়ে ভাল চাল পাচার ৪ জন সাসপেন্ড, গ্রেফতার ৫

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:৫১
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সরকারি খাদ্য গুদামে পচা ও নিম্নমানের খাওয়ার অনুপযোগী চাল ঢুকিয়ে ভাল চাল নিয়ে যাওয়ার সময় চাল ভর্তি ট্রাক আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সরকারি খাদ্য গুদামের কর্মকর্তাসহ ৪ জনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত ও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সাময়িক বরখাস্ত হয়েছেন খাদ্য গুদামের কর্মকর্তা আব্দুল সালাম, অফিস সহকারী খগেন্দ্র চন্দ্র রায় ও এমএলএস ইসমাইল হোসেন এবং নৈশপ্রহরী মাহাতাব হোসেন। এ ছাড়া চাল পাচারের কাজে জড়িত বেলাল হোসেনসহ চারজনকে আটক করেছে পুলিশ। জেলা খাদ্য পরিদর্শক জহরুল হক ইতিমধ্যে সরকারি খাদ্য গুদাম পরিদর্শন করে গুদাম সীলগালা করেছেন। তিনি জানান, ‘অনিয়মের কাজে জড়িতদের সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে।’ পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান আসামিদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওসমান গণি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।