রাজশাহীতে পরিবহন ধর্মঘট স্থগিত

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:৫২
রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট অবশেষে বুধবার দুপুরে স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার ভোর থেকে টানা সাড়ে ৬ ঘণ্টা সীমাহীন দুর্ভোগের পর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাসহ সকল রুটের বাস চলাচল শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের সাথে সমঝোতা বৈঠকে বসেন পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। বৈঠক শেষে পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের ৬ দফা দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তবে নেতৃবৃন্দ বলেন, রমজান মাসের মধ্যে দাবি আদায় না হলে ঈদের পর আবারো ধর্মঘটসহ কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।