ব্যবসায়ী রোকনুজ্জামান হত্যার ঘটনায় গ্রেফতার দুই পুলিশ এসআই আমির হোসেন ও কনস্টেবল মোসলেমকে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালতে হাজির করা হয়। তাদের জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে দুই পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে গতকাল আদালত প্রাঙ্গণে অভিযুক্ত দুই পুলিশ সদস্যের ছবি তুলতে গেলে ফটো সাংবাদিকদের বাধা দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় পুলিশের ধাক্কায় কয়েকজন সাংবাদিক আহত হন।
এদিকে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাধা দেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ ইত্তেফাককে বলেন, অনেক সাংবাদিক একসঙ্গে ছবি তুলতে যাওয়ায় ধাক্কাধাক্কি হয়েছে। পুলিশ কাউকে বাধা দেয়নি।
