রায়পুরার কলম্বো লেবু বিদেশে রপ্তানি হচ্ছে

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:০৭
রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় উত্পাদিত কলম্বো লেবু দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। তাই উপজেলার লেবু চাষিরা এখন আর্থিকভাবে বেশ স্বাবলম্বী। লেবু চাষ লাভজনক হওয়ায় অন্যান্য চাষাবাদের পাশাপাশি এ চাষে ঝুঁকে পড়ছে এখানকার কৃষক। ফলে শীঘ্রই উপজেলায় লেবু চাষে বিপ্লব ঘটার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন স্থানীয় কৃষি অধিদপ্তর। কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ২৪ ইউনিয়নে ছোট-বড় অন্তত ২৬৫ বাগানে কলম্বো লেবুর চাষ হচ্ছে। বছর জুড়ে উত্পাদন হলেও মৌসুম অনুযায়ী লেবুর ফলন কিছুটা কম-বেশি হয়ে থাকে। শীতকালে লেবুর ফলন খানিকটা কম হলেও সপ্তাহে অন্তত একবার গাছ থেকে লেবু সংগ্রহ করা যায়। অন্য সময় প্রায় প্রতিদিনই লেবু সংগ্রহ করা যায়। রায়পুরার এ লেবু এখানকার চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। বিদেশে প্রতি কেজি লেবু দেড়শ’ থেকে দু’শ’ টাকায় বিক্রি হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে ইউরোপে। এসব লেবু ক্রয় করতে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখানে এসে বাগান থেকে লেবু সংগ্রহ করেন। আর এ লেবু দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করেন। সাহেব নগর গ্রামের চাষি মোঃ আলকাছ উদ্দিন জানান, লেবু চাষ করে আমি আর্থিকভাবে লাভবান হয়েছি। তাই অন্যদেরকে এ চাষে আগ্রহী করে তোলার চেষ্টা করছি। এছাড়া লেবু চাষে অন্যান্য ফসলের তুলনায় খরচ ও পরিশ্রম দুটোই কম। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. সাফায়েত উল্লাহ সিদ্দিকী বলেন, এটি একটি লাভজনক ফসল। এভাবে কৃষকের আগ্রহ অব্যাহত থাকলে এ উপজেলায় লেবু চাষে বিপ্ল¬ব ঘটার সম্ভাবনা রয়েছে।