বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
চন্দনাইশে অটো রিকশা চালক নিহত
চট্টগ্রামের চন্দনাইশস্থ বাইন্যা পুকুর এলাকায় গত মঙ্গলবার রাত ৯টায় আবদুল ছোবাহান (৪৫) নামে এক অটোরিকশা চালক ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা যান। গাছবাড়ীয়া খাঁনহাট থেকে যাত্রীবেশী ছিনতাইকারী দলের সদস্যরা বাগিচাহাট যাওয়ার কথা বলে অটো রিকশায় উঠে। ছিনতাইকারীরা বাইন্যাপুকুর এলাকায় গাড়ী থামিয়ে চালক আবদুল ছোবাহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে অটো রিকশা নিয়ে পালিয়ে যায়। তাকে প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তিনি মারা যান। চন্দনাইশ থানার ওসি বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজৈরে আহত ব্যক্তির মৃত্যু
মাদারীপুরের রাজৈর উপজেলার বাসাবাড়ী গ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত সেকেন্দার হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে মারা যান। গত শনিবার সেকেন্দার হাওলাদার ও লিটন হাওলাদারের লোকজনের মধ্যে সংঘর্ষে সেকেন্দার গুরুতর আহত হন।
গৌরীপুরে ভাইয়ের হাতে
ভাই খুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শিবপুর গ্রাম থেকে গতকাল বুধবার সকালে আব্দুল মান্নান (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, নিহতের ভাই লোকমান হোসেন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহত আব্দুল মান্নানের সত্ ভাই বাচ্চু মিয়ার সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে তাকে মাথায় কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়।
ওসি মোহাম্মদ আলী শেখ জানান, ঘটনায় জড়িত সন্দেহে আব্বাছ উদ্দিনের পুত্র ইদ্রিছ আলী ও বাচ্চু মিয়ার পুত্র হূদয়কে গ্রেফতার করা হয়েছে।
