কক্সবাজারে চাঁদাবাজি বহু হোটেল রেস্তোরাঁ বন্ধ

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:০৯
ঈদকে সামনে রেখে কথিত শ্রমিক নেতাদের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ওঠেছে। এই চাঁদাবাজিতে ব্যবসায়ী মহল অতিষ্ঠ হয়ে পড়েছে। কয়েকটি শ্রমিক সংগঠনের নামে এ চাঁদাবাজি চলছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের অভিযোগ, ঈদ আসলেই কতিপয় শ্রমিক সংগঠনের নেতা নামধারীরা ব্যাপক চাঁদাবাজিতে মেতে ওঠে। বিশেষ করে হোটেল-রেস্তোরাঁর মালিকদের উপর চাঁদাবাজদের উত্পাত সবচেয়ে বেশি। যদিও রমজানে হোটেল-রেস্তোরাঁর ব্যবসা অনেকটা মন্দা থাকে। তার উপর শ্রমিক নেতা নামধারীদের চাঁদাবাজির কারণে অনেক ব্যবসায়ী লোকসান গুণতে গুণতে রমজান মাসে প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছেন। শুধু তাই নয়, এসব শ্রমিক নেতা নামধারীদের হাতে সাধারণ শ্রমিকরাও চাঁদাবাজিসহ শারীরিকভাবে নিগৃহীত হচ্ছেন বলে জানান শ্রমিকরা।