আগামী ৩০ আগস্ট পর্যন্ত রাজশাহী মহানগরীতে রাস্তা খোঁড়াখুড়ির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। চলতি বর্ষায় জনদুর্ভোগ এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রাসিকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সড়কে খোঁড়াখুঁড়িতে নিষেধাজ্ঞার কারণে মহানগরীতে গ্যাস ও পানির নতুন সংযোগও বন্ধ থাকবে। অন্যদিকে আগামী দুই মাস সড়কে কাটিং বন্ধ থাকলে গ্যাস-সংযোগের রাইজার উত্তোলনও বন্ধ থাকবে বলে জানান পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী। ফলে মেয়াদের প্রায় ৮০০ প্রাহকের রাইজারের উত্তোলনের বরাদ্দ বাতিল হয়ে যাচ্ছে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীর রাজশাহীর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক প্রকৌশলী তোফায়েল আহামেদ বলেন, গত ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে রাসিকের চিঠি তারা পেয়েছেন। এরপর থেকে ‘রোড কাটিং’ এবং রাউজার উত্তোলন বন্ধ রয়েছে। ওই চিঠি পাবার আগে যে কয়েকটি রাইজারের জন্য রাস্তা খোড়া হয়েছিলো, এখন শুধু সেগুলোতেই গ্যাস সংযোগ দেয়া হচ্ছে।
রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, বর্ষায় খোঁড়াখুঁড়ির কারণে সড়কের খুব ক্ষতি হয়। এ জন্য তাদের সিদ্ধান্ত রাজশাহী ওয়াসা এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীকে জানিয়ে চিঠি দেয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মহানগরবাসীর সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনাও রয়েছে।
