নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে জ্বালানি গ্যাসের তীব্র সংকটের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে এখন রোজার সময়েও প্রচুর গ্যাস সংকটে ভোগান্তি বেড়েছে অনেক। এ অবস্থায় গ্যাসের সংকট দূর ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বুধবার শহরের চাষাঢ়ায় আঞ্চলিক গ্যাস অফিস ঘেরাও করেছে নগর বিএনপি। আর ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামের একটি সংগঠন করেছে বিক্ষোভ। নগর বিএনপির নেতারা ঘোষণা দিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে গ্যাস সংকট দূর না হলে ডিসি অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলন করা হবে। আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের নেতৃবৃন্দ গ্যাসের বিল প্রদান না করতে গ্রাহকদের প্রতি আহবান জানিয়েছেন।
