রাস্তায় মাটি না পড়লেও খরচ হয়েছে দেড় লাখ

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:১১
এক কুদাল মাটিও পড়েনি সড়কে! কিন্তু প্রকল্পের দেড় লাখ টাকা গেল কই? এ প্রশ্ন মোসলেমহাটি গ্রামের বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ ইউপি চেয়ারম্যান প্রকল্পের টাকা আত্মসাত্ করেছেন। মোসলেমহাটি গ্রামের আব্দুল বাতেনের বাড়ি হতে মোখলেসের বাড়ি পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তায় কোন মেরামত কাজ করা হয়নি। স্থানীয় লোকজন তাদের নিজের প্রয়োজনে গ্রাম থেকে টাকা তুলে রাস্তার কিছু অংশের কাজ করেছে। বাকি রাস্তায় কাঁদা ও গর্তে ভরা। জুনের শেষ সপ্তাহে রাস্তাটির মেরামত কাজে বরাদ্ধ প্রকল্পের সমূদয় টাকা তুলে নিলেও কোন কাজ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যান এভাবে অনেক প্রকল্পের টাকা তুলে নিয়ে কাজ করেনি। কিন্তু আমাদের হাত পা বাঁধা তাই কিছু বলতে পারি না। আব্দুল বাতেন বলেন, গ্রামবাসীর টাকায় রাস্তাটির কিছু কাজ হয়েছে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই কাঁদায় হাটা-চলা করা যায় না। চুড়াইন ইউপি চেয়ারম্যান আবু সাইদ বলেন, রাস্তাটির মেরামত কাজে বরাদ্ধ হওয়া ১ লাখ ৫০ হাজার টাকা তুলে নেয়া হয়েছে। তবে খুব দ্রুতই কাজ করা হবে। নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, প্রকল্পের রাস্তাটি পরিদর্শন করে দেখা হবে। কোন কাজ না করলে ব্যবস্থা নেয়া হবে।