নোয়াখালীতে শোকাহত ব্রাজিল সমর্থকের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:২৪
গতকাল বুধবার ভোরে বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে জার্মানির নিকট পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ৭-১ গোলে গ্লানিকর পরাজয়ের শোকে নোয়াখালীতে এক ব্রাজিল সমর্থকের হূদরোগে মৃত্যু হয়েছে। এছাড়া একই সময় পাবনায় অপর এক সমর্থক আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে। সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, নিহত ওই ব্রাজিল সমর্থকের নাম মোনাব্বর হোসেন স্বপন (৬০)। তিনি চট্টগ্রাম বন্দর এর কাষ্টমস কর্মকর্তা ছিলেন। তার বাড়ি সেনবাগ পৌর শহরের বিন্নাগুনি গ্রামে। বাড়িতে খেলা দেখার সময় ব্রাজিল পরাজিত হওয়ার পরপরই স্বপন হূদরোগে আক্রান্ত হন। এসময় পরিবারের লোকজন তাকে দ্রুত চট্টগ্রাম বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। স্বপন বিন্নাগুনি গ্রামের মৃত বদিউল আলমের ছেলে ও সেনবাগ পৌরসভার সাবেক কাউন্সিলর মনির কমিশনারের ভাই। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকালে পারিবারিক কবরস্থানে স্বপনকে দাফন করা হয়। সুজানগর (পাবনা) সংবাদদাতা জানান, ব্রাজিলের হতাশাজনক হারের লজ্জায় পাবনার সুজানগরের উদয়পুর গ্রামে নয়ন (২৪) নামে এক ব্রাজিল সমর্থক আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তিনি ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। খেলা চলার এক পর্যায়ে ব্রাজিল একে একে ৭ গোল খেলে নয়ন বাড়ির লোকজনের অজান্তে আত্মহত্যার উদ্দেশ্যে বাড়ির পাশের পদ্মা নদীতে ঝাঁপ দেন। ঘটনা টের পেয়ে স্বজনরা তাকে নদী থেকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি এখন আশংকামুক্ত বলে জানা গেছে। চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ব্রাজিলের এমন করুণ অবস্থা দেখেনি কেউ। এ ঘটনায় চরম হতাশ উপজেলার ব্রাজিল সমর্থকরা। রাতেই ব্রাজিলের পতাকা নামিয়ে ফেলেন অনেকে। অনেক স্থানেই কালো পতাকা তোলা হয়। চরম হতাশ এক সমর্থক নিজের হাতের ঘড়ি আছড়ে ভেঙ্গে ফেলেন। গতকাল দিনভর ঘরের বাইরেই বের হননি অনেক সমর্থক।