চলন্ত গাড়িতে পোশাক শ্রমিক ধর্ষণ

মিরপুর জোনের ডিসি ওসিসহ তিনজনকে হাইকোর্টে তলব

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:২৮
রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে এক নারী পোশাক শ্রমিক ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় মিরপুর জোনের পুলিশের ডিসি, ওসি ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) তত্ত্বাবধায়ককে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৫ জুলাই তাদেরকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় দোষীদেরকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। একই সঙ্গে এ ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ২ জুলাই রাজধানীর কল্যাণপুরের এক নারী পোশাক শ্রমিককে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করে কয়েক দুর্বৃত্ত। পরদিন এ ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন। আবেদনের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট এসব আদেশ দেন।