খালেদাকে রাজনীতি থেকে সরানোর কথা বলেছি :তথ্যমন্ত্রী

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:২৮
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে পৃথিবী থেকে নয়, রাজনীতি থেকে বিদায় করার কথা বলেছি। আবারো বলছি, খালেদা জিয়া যদি জামায়াত, হেফাজত, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের ত্যাগ না করেন তাহলে অবশ্যই তাকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে। বাংলার জনগণ তাকে রাজনীতি থেকে বিদায় জানাবে। গতকাল বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। ‘ইনু বিএনপি প্রধানকে হত্যার হুমকি দিচ্ছেন’ বলে দলটির নেতারা যে অভিযোগ করছেন তার জবাব দিতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া এবং বিএনপি নেতারাই রাজনৈতিক প্রতিপক্ষকে পৃথিবী থেকে বিদায় জানানোর রাজনীতি করেন। তারা মিথ্যাচার, ষড়যন্ত্র, চক্রান্ত, আর প্রতিপক্ষকে হত্যা করে ক্ষমতা দখলে পারদর্শী। তিনি বলেন, খালেদা নিজেই নিজেকে রাজনীতি থেকে মাইনাস করার কাজ করছেন। উনার ভুল, চক্রান্ত ও ষড়যন্ত্রের রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে যে, উনি গণতন্ত্রের ক্লাবে থাকার যোগ্যতা হারিয়ে ফেলছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ডিসিরা প্রতিবারই তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু প্রস্তাব করেন, এবারো তারা প্রস্তাব করেছেন। পত্রিকার ডিক্লারেশন বাতিলের ক্ষমতা ডিসিদের হাতে দেয়ার বিষয়ে এই মুহূর্তে ওই আইন নিয়ে তথ্য মন্ত্রণালয় কোনো আলোচনা করছে না। এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত কী একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি আমরা পরে চিন্তা করে দেখব।