ইউনাইটেডের ঢাকা বরিশাল ফ্লাইট ফের চালু হচ্ছে

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:২৯
প্রায় দু’ মাস বন্ধ থাকার পর আগামী ২১ জুলাই থেকে পুনরায় বরিশালে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ। তবে যাত্রী ভাড়া আরো এক দফা বাড়ছে। সিডিউলেও কিছুটা পরিবর্তন এসেছে। এরপরও ঈদের আগে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট চালু হওয়ার খবরে আনন্দিত যাত্রীরা। টানা ১৪ মাস ঢাকা-বরিশাল আকাশ পথে যাত্রী পরিবহনের পর গত এক জুন উড়োজাহাজের নির্ধারিত চেকের কথা জানিয়ে সার্ভিস বন্ধ হয়ে দেয় সংস্থাটি। এতে দুর্ভোগ বাড়ে যাত্রীদের। বিশেষ করে ঈদের আগে ফ্লাইট বন্ধ হওয়ার খবরে হতাশ হন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। এ নিয়ে গত সাত জুলাই দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হলে বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ইউনাইটেড এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা সার্ভিস পুনরায় চালু করতে রাজি হন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ঈদের আগে আগামী ২১ জুলাই সোমবার সকাল আটটায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা হবে ৩৭ সিটের একটি উড়োজাহাজ। সকাল নয়টায় বরিশাল থেকে যাত্রী নিয়ে সেটি ঢাকা ফিরে যাবে। কোম্পানির এজিএম (জনসংযোগ) কামরুল ইসলাম ইত্তেফাককে জানিয়েছেন, ফ্লাইট সিডিউলে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের মতোই সপ্তাহে দু’দিন ফ্লাইট চলবে। তবে এখন থেকে সোম ও বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে যাবে। ফিরতি ফ্লাইট বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে সকাল নয়টায়। যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে চার হাজার ২৫০ টাকা। রিটার্ন সাড়ে আট হাজার টাকা।