জনপ্রতিনিধিদের শাস্তির কর্তৃত্ব মন্ত্রণালয়ের হাতেই থাকবে

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:৪১
সারা বছর নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের সহনীয় রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সম্মেলনের দ্বিতীয়দিনে ডিসিদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন। পরিবেশ ও বনমন্ত্রী নানামুখি চাপ সামলিয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় ডিসিদের প্রশংসা করেন। সহসা জেলা পরিষদে নির্বাচনের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আর যোগাযোগ মন্ত্রীর সঙ্গে বৈঠকে ডিসিরা সড়ক-মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের ব্যবস্থা করতে সুপারিশ করেছেন। গতকাল সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে আলোচনাকালে এসব বিষয় উত্থাপিত হয়। প্রথমে পরিবেশ ও বন, ভূমি এর পর পর্যায়ক্রমে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সাথে ডিসিদের আলোচনা হয়। শিল্প মন্ত্রণালয়ের আলোচনায় শিল্প প্লট নিয়ে যারা শিল্প গড়েননি তাদের প্লট বরাদ্দ বাতিল করে নতুন করে প্লট দেয়ার কথা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এতে সার বিপণন এবং কৃষকের কাছে সহজলভ্য করার বিষয়টি গুরুত্ব পায়। বাণিজ্য মন্ত্রণালয়ের আলোচনায় নিত্য পণ্যের দাম সারা বছর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ডিসিদের প্রতি নির্দেশনা দেয়া হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মাঠপর্যায়ে নবায়নের জন্য ডিসিদের নির্দেশ দেয়া হয়। বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্পনগরী গড়ে তোলা হবে জানিয়ে তোফায়েল আহমদ বলেন, মুন্সীগঞ্জের বাউশিয়ায় এক দশমিক দুই বিলিয়ন ডলার ব্যয়ে গার্মেন্টস পল্লী গড়ে তোলা হবে। তিন বছরের মধ্যে এর কাজ শেষ হবে। শিল্প মন্ত্রণালয়: এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বিসিক শিল্পনগরীর কিছু কিছু জায়গা প্লট বরাদ্দ ছিল। কিন্তু বরাদ্দপ্রাপ্তরা সেখানে শিল্প গড়ে তোলেননি। তাই সেখানে পুরনো বরাদ্দ বাতিল করে নতুন উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেয়া হবে বলে ডিসিদের জানানো হয়েছে। তিনি বলেন, ডিসিদের বলা হয়েছে আর যত্রতত্র শিল্প স্থাপন করতে দেয়া হবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘জেলা পরিষদে নির্বাচনের প্রয়োজন আছে কিনা তা বিবেচনা করা দরকার। আমার মনে হয় এত স্থানীয় সরকার বেশি ভালো না। অপ্রয়োজনীয় বিভিন্ন শাখা-প্রশাখা তৈরি না করাই ভালো।’ ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বুধবার বিকেলে সচিবালয়ে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, ‘আমাদের মূল স্থানীয় সরকার হচ্ছে ইউনিয়ন পরিষদ। এর ওপরে পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ইত্যাদি, এত প্রতিষ্ঠান থাকলে ইউনিয়ন পরিষদ কি পাবে?’ মন্ত্রী বলেন, ‘যত বেশি প্রতিষ্ঠান হবে তত বেশি খরচ বাড়বে।’ জেলা পরিষদ নির্বাচন নিয়ে কোনো আলোচনা জেলা প্রশাসকদের সঙ্গে হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা চিন্তা করছি। কারণ জেলা পরিষদের ক্ষমতা নির্ধারণ না করে এত বড় নির্বাচন করা ঠিক হবে না। অনেক জেলায় কোটির ওপর ভোটার আছেন। এত মানুষের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধির জন্য কি ধরনের বাজেট দেয়া যাবে সেটা আগে ঠিক করতে হবে। কারণ, বর্তমানে জেলা পরিষদের জন্য যে বাজেট বরাদ্দ হয় তা একটি নির্বাচিত তৃতীয় শ্রেণীর পৌরসভার বাজেটের চেয়েও কম।’ বিভাগীয় কমিশনারদের ইউনিয়ন পরিষদ সদস্যদের বরখাস্তের ক্ষমতা চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গণতান্ত্রিক সংস্কৃতি অনুযায়ী একজন নির্বাচিত প্রতিনিধিকে আরেকজন নির্বাচিত প্রতিনিধিই পুরস্কৃত বা তিরস্কার করেন। ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনের মেয়র পর্যন্ত সব নির্বাচিত প্রতিনিধিই এটি চান। তাই এই ক্ষমতা মন্ত্রীর হাতেই আছে, থাকবে।’ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়: বাংলাদেশের কোনো নাগরিক ইরাকের মাটিতে বিপদে নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্যানিক হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও ইরাকে তৈরি হয়নি। কিন্তু সংবাদপত্রে এসেছে যে, বাংলাদেশের অনেক শ্রমিক ইরাকে বিপদে আছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইরাকে ২৫ হাজার শ্রমিকের মধ্যে ৪০ জন ফেরত এসেছেন। তাদের মধ্যে একজন কোনো ধরনের সেবা না পাওয়ার অভিযোগ করেছেন। ইতোমধ্যে আমরা ইরানের সঙ্গে কথা বলে রেখেছি। যদি ইরাকে শ্রমিক ফেরত আসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে জরুরি ভিত্তিতে ইরান আমাদের শ্রমিকদের গ্রহণ করবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়: ডিসিদের সঙ্গে আলোচনাকালে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, নানামুখি চাপ থাকার পরেও দক্ষতার সঙ্গে ডিসিরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এজন্য তারা প্রশংসার যোগ্য। বৃক্ষ রোপণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, দূষণ বিরোধী নানা কর্মকাণ্ডে ডিসিরা যুক্ত তথা জেলা প্রশাসন সম্পৃক্ত। কিন্তু এ জন্য তাদের কোনো আলাদা আর্থিক সুবিধার ব্যবস্থা নেই। মন্ত্রী জানান, তিনি বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করেছেন ডিসিদের এসব কাজের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে আর্থিক সুবিধা দেয়া যায় কি না। পররাষ্ট্র মন্ত্রণালয়: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, মিয়ানমারের সঙ্গে আমাদের চমত্কার সম্পর্ক এগিয়ে চলেছে। রোহিঙ্গা সমস্যা নিয়ে ইতিবাচক সমাধানের প্রচেষ্টা চলছে। এছাড়াও দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে আগামী মাসে বৈঠক হবে। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনের হিউয়ান প্রদেশের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগের বিষয়ে আলোচনা চলছে। তাই সামগ্রিকভাবে দুই দেশের খুব ভালো সম্পর্ক চলছে। সড়কের দখল উচ্ছেদে রাজনৈতিক বাধা : রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে ডিসিদের কাজ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সড়কের অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক বাধার মুখে পড়েন জেলা প্রশাসকরা (ডিসি)। যোগাযোগ ও রেলপথ মন্ত্রণালয়ের সাথে সভা শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, সামনে রমজান, ঈদ ও বর্ষাকাল, এ সময়ে রাস্তাঘাট যেকোনো মূল্যে চলাচলযোগ্য রাখতে হবে। প্রবল বর্ষণে যাত্রীদের কষ্ট হচ্ছে। এবারের টার্গেট হচ্ছে- কষ্ট কমানো, পরিস্থিতি এখন যে রকম ঈদের সময় জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ওবায়দুল কাদের বলেন, মহাসড়কগুলোতে নসিমন-করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধে জেলা প্রশাসকদের ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। একই সম্মেলনে রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, রেলের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। মুজিবুল হক বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের জন্য রেল মন্ত্রণালয় নানা উদ্যোগ নিয়েছে। সে উদ্যোগ সফল করতে নিজ নিজ জেলায় সহযোগিতা দিতে বলেছি ডিসিদের।