ববিতা। প্রখ্যাত এই চলচ্চিত্র তারকা, নিজের ব্যক্তিত্বেই ধরে রেখেছেন আত্মকেন্দ্রিক এক সৌন্দর্য। জাতিসংঘের বিশেষ দূত হিসেব কাজ করছেন। নিজের শিল্পচর্চা ও ভালোলাগার কথা বলেছেন ভিন্নচোখে
আপনার বই পড়ার অভ্যাস
বই পড়া আমার নেশা। হুমায়ূন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায়ের ভক্ত পাঠক আমি। শেষ যেক’টি বই পড়েছি এর মধ্যে হুমায়ূন আহমেদের ‘মেঘের ওপর জল’ বইটি ভালো লেগেছে। অনেকটা শেক্সপিয়ারের ‘হ্যামলেট’-এর ঘ্রাণ খুঁজে পাচ্ছিলাম।
আপনার প্রিয় চলচ্চিত্রকার
সত্যজিত্ রায় আমার প্রিয় চলচ্চিত্রকার। তার ‘পথের পাঁচালী’, ‘অপু সিরিজ’, ‘হিরোক রাজার দেশে’ ছবিগুলোর মতো তার সকল সৃষ্টির ভক্ত আমি। তার সাথে কাজ করা আমার জীবনের স্মরণীয় ঘটনা।
চিত্রপ্রদর্শনী দেখা হয়
অবশ্যই। শিল্পীর হাতে ছোঁয়ায় কীভাবে প্রাণহীন ছবি জীবন্ত হয়ে উঠে তা আমি অবাক হয়ে দেখি। নিউইয়র্কে ফাউন্টেন গ্যালারিতে মধ্যযুগের চিত্রকলা নিয়ে একটি প্রদর্শনী দেখেছিলাম। সত্যিই অসাধারণ। তাছাড়া সমকালীন চিত্রকলাও আমার খুব প্রিয়। আমাদের দেশের জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসানসহ অনেকের ভক্ত আমি।
এমন একটি চলচ্চিত্রের কথা বলুন, যা আপনাকে মুগ্ধ করেছে
অস্কারজয়ী ‘দ্য আর্টিস্ট’ ছবিটি বারবার মুগ্ধ করে। সাদা-কালো নির্বাক এই ছবিটি সত্যিই আমাকে নির্বাক করেছে। ছবিটির পরিচালনা থেকে শুরু করে অভিনয় আমাকে খুব মুগ্ধ করেছে। এখানে মানবিক সম্পর্কের বিষয়টা খুব দারুণভাবে ফুটে উঠেছে।
সূত্রধর :মোস্তাফিজ মিঠু
