মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রামের লোকজনদের চলাচলের একমাত্র সড়কটি এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যার ফলে গ্রামবাসী গতকাল বৃহস্পতিবার সড়কটির উপর ধানের চারা লাগিয়ে প্রতিবাদ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সব্দালপুর, নোহাটা, সোনাতুন্দী, তারাউজিয়াল হয়ে উপজেলা সদরে যোগাযোগের একমাত্র রাস্তা এটি। প্রায় ৫ কিলোমিটার রাস্তার দুই কিলোমিটার ইটের সলিং থাকলেও তার অধিকাংশ স্থানে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও সড়কটির আড়াই কিলোমিটার দূরত্ব কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই সড়কের অধিকাংশ স্থানে হাঁটু সমান কাদা ও চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী গ্রামবাসীদের পড়তে হয় চরম দুর্ভোগে। অবশিষ্ট আড়াই কিলোমিটার রাস্তা পাকা হলেও সংস্কারের অভাবে প্রায় স্থান থেকে পিচ, পাথর, খোয়া উঠে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্তের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে সড়কের এ অবস্থা থাকলেও পাকা সড়কটি সংস্কারসহ বাকি কাঁচা সড়কটি নতুন করে নির্মাণের কোন উদ্যোগ নেই। মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মোঃ সিরাজুল আকবর এ রাস্তাটি নির্মাণের জন্য ২০১৩ সালের ১৫ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বরাবর ডিও লেটারসহ সুপারিশ করলেও তা কোন কাজে আসেনি।
