কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর চিলমারী সীমান্ত এলাকা থেকে সাহাজুল (৩৬) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ঐ কৃষককে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দিয়েছে। সে চর চিলমারী এলাকার আকন্দ পাড়া গ্রামের পচা শিকদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভারত সীমান্ত সংলগ্ন উপজেলার চিলমারী ইউপির চর চিলমারী এলাকায় ৮৪/১ এস সীমানা পিলারের পাশে সাহাজুল তার কৃষি ক্ষেত দেখাশোনা করছিল। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। ৩২ বিজিবির চিলমারী কোম্পানী কমান্ডার সুবেদার আঃ ওয়াহাব জানান, বাংলাদেশি কৃষক সাহাজুলকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।
