সদর উপজেলার মাদবপুরে গত বুধবার জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সেকেন্দার আলী বাদশা (৫৭) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় নিহত মুক্তিযোদ্ধার দুই ভাই একরামুল হক ও নয়া মিয়াকে আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদবপুরে সেকেন্দার আলীর সাথে তার ভাই আব্দুল খালেক ও ভাতিজাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল দুপুুরে আব্দুল খালেক ও তার পুত্র আজাদুল, রায়হান, ভাগ্নে মাহাবুব, মঞ্জু, মেহেজুল, বাবুসহ একদল সন্ত্রাসী অস্ত্র্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর জমি দখল করতে গেলে তিনি বাধা প্রদান করেন। পুলিশের উপস্থিতিতে আব্দুল খালেক ও তার লোকজন মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীকে গুরুতর জখম করে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানে মারা যান। কোতয়ালী থানার এসআই বশির উদ্দিন জানান, আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই সেকেন্দার আলীর উপর হামলা চালানো হয়। পরে উভয়পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের অ্যাম্বুলেন্সে রংপুর মেডিক্যালে প্রেরণ করা হয়।
