কুমিল্লায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকালে বিল্লাল হোসেন ও অমিত হাসান সুজন নামে ২ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর কান্দিরপাড় এলাকা থেকে তাদের আটক করে কুমিল্লা ডিবি পুলিশ।
জানা যায়, ‘ডিবি পরিচয়ে প্রতারণার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা একত্রিত হচ্ছে’ এমন সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহ কামালের নেতৃত্বে পুলিশ নগরীর কান্দিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। আটককৃত বিল্লাল ও সুজনের কাছ থেকে ৪টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। আটক বিল্লাল জেলার দাউদকান্দির ছিচয়াতল গ্রামের মৃত মন্তাজ মিয়ার পুত্র ও অমিত হাসান সুজন জেলার মুরাদনগর উপজেলার নয়াকান্দি গ্রামের রশিদ মিয়ার পুত্র।
