নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদক ব্যবসার বিরোধের জের ধরে রিপন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
কাশীপুরে দোলন, মালেক, সুজন, সেলিমসহ আরো কয়েকজনের সঙ্গে রিপনের মাদক ব্যবসা নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে ঘটনার দিন দোলনসহ অন্যরা মিলে কাশীপুরে কোয়ালিটি ডাইংয়ের সামনে রিপনকে কুপিয়ে জখম করে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
