রাজবাড়ীতে পুলিশ কনস্টেবলসহ পৃথক দুর্ঘটনায় ১৩ জন নিহত

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২১:০৬
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। রাজবাড়ীতে ৩ জন নিহত রাজবাড়ী জেলা সদরের শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকায় গত বুধবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— হারুন সেখ, গাজী দেলোয়ার হোসেন ও রুবেল সেখ। এ সময় ৩ কনস্টেবলসহ আরো ১২ জন আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ খুলনা নগরীর খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) ওপর ট্রাক ও পিকআপের সংঘর্ষে কামরুল ইসলাম (৩৫) নামে পিকআপ চালক ও রফিকুল ইসলাম (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী মারা গেছেন। এ সময় আরো সাতজন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক রাজশাহীর পুঠিয়ার তারাপুর ডাল মিলের নিকট গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাকের ধাক্কায় মাহাবুল (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাহাবুল সাইকেলযোগে তারাপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পাকুন্দিয়ায় টমটম চালক নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত বুধবার সন্ধ্যায় গাছ চাপা পড়ে মোস্তফা (২১) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। পাটুয়াভাঙা দরগা বাজার থেকে ভাড়া নিয়ে আসার জন্য কয়েকটি রেইনট্রি গাছ টমটমে উঠাতে থাকে মোস্তফা। এক পর্যায়ে রেইনট্রি গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বেগমগঞ্জে সিএনজি চালক নিহত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে লিটন (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হন। এ ঘটনায় তিনজন যাত্রী আহত হন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হাইওয়ে পুলিশ বাসটি আটক করে। জীবননগরে স্কুল ছাত্রের মৃত্যু চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটিতে গত বুধবার সন্ধ্যায় ইটভাটার একটি গর্তে গোসল করতে গিয়ে রিয়াজ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে কাশিপুর ঈদগাঁ পাড়ার আলমের ছেলে ও কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। মির্জাপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা মায়ের সাথে অভিমান করে শিউলী আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল গ্রামে গত বুধবার রাতে শিউলী আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেন। সে বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। পারিবারিক কলহের জের ধরে মায়ের সাথে অভিমান করে শিউলী বিষপান করে। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় রাতে মারা যান। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। উল্লাপাড়ায় ভ্যান চালক নিহত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া সড়ক সেতুর পাশে একটি ভ্যানকে একটি ট্রাক ধাক্কা দিলে লাল চান (২২) নামে ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে। হাতির আক্রমণে নিহত ১ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বেয়ান বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় হাতির আক্রমণে পিষ্ট হয়ে মো. মোরশেদ আলী (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বাজালিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিন সিকদার জানান, সেহরি খাওয়ার পর মোরশেদ আলী বাড়ির বাইরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে একটি বন্যহাতির দলের সামনে পড়ে যায়। এ সময় হাতির আক্রমণ তিনি ঘটনাস্থলেই মারা যান। বেনাপোলে ব্যবসায়ীর মৃত্যু যশোরে বেনাপোল বাজারে গত বুধবার সন্ধ্যায় মুরগীর দোকানে মুরগী পরিষ্কার করার মেশিনে বিদ্যুত্স্পৃষ্টে হারুন অর রশিদ (১৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।