চলনবিলে ২ হাজার হেক্টরের আমন ধান ডুবে গেছে

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:৩১
গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে নাটোরের বড়াইগ্রামসহ চলনবিলের প্রায় দুই হাজার হেক্টর জমির আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে রয়েছে আরো কয়েক হাজার হেক্টর জমির বোনা ও রোপা আমন ধান। ডুবে গেছে রোপা আমনের বীজতলা। কয়েক দিনের মধ্যে পানি না কমলে লাগানো ধান পচে নষ্ট হয়ে যাবে। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে, পানি কমতে শুরু করলে ধান গাছ জেগে উঠবে। তখন কোনো সমস্যা হবে না। সংশ্লিষ্ট কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে বড়াইগ্রামে ৭শ’ হেক্টর, সিংড়ায় ৫শ’, গুরুদাসপুরে ৬শ’ ও চাটমোহর উপজেলায় ৪৮০ হেক্টর জমির বোনা ও রোপা আমন পানির নিচে তলিয়ে গেছে। সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দক্ষিণ চলনবিলের শ্রীরামপুর বিল, সাতইল বিল, চিনাডাঙ্গার বিল, উত্তর চওড়ার মাঠ, হিয়ালার বিল, হুলহুলিয়া বিল, বড়িয়া বিলসহ নিচু এলাকার কিছু অংশে বোনা-রোপা আমন লাগিয়েছিলেন কৃষকরা। কিন্তু দশ দিনের একটানা ভারি বর্ষণে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যায় এসব এলাকার বোনা-রোপা আমন ধানসহ বীজতলা। তাছাড়া যারা রোপা ধান লাগানোর জন্য জমি তৈরি করে রেখেছিলেন, সে সব জমিও তলিয়ে গেছে। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক রহমতউল্লাহ সরকার জানান, এসব ধান ৭/১০ দিন পানিতে ডুবে থাকলে নষ্ট হয়ে যাবে। এতে এ অঞ্চলের কৃষকদের কোটি কোটি টাকার লোকসান হবে।