প্রতিবাদে ৮ আগস্ট থেকে উপজেলার সব স্কুল বন্ধ ঘোষণা

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:৩১
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে ৮ আগস্ট থেকে উপজেলার সকল বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে উপজেলা শিক্ষক সমিতি। স্থানীয়রা জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান পদে নির্বাচন গত ৫ জুন উপজেলা নির্বাহী অফিসারের অফিস রুমে অনুষ্ঠিত হয়। মোঃ রবিউল সরদার ও কাজী জহিরুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হলে মোঃ রবিউল সরদার জয়ী হন। কমিটি অনুমোদনের জন্য ঢাকা বোর্ডে পাঠানো হয়েছে। এই নির্বাচনের জের ধরে বুধবার বেলা ১১ টায় বিদ্যালয়ের যাওয়ার পথে পরাজিত প্রার্থীর কাজী জহিরুল ইসলামের ছোট ভাই ফুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলী মুনসুরুল গোরা কাজীর ছেলে মোঃ আরাফাত কাজি ও তার বন্ধু সোহাগ সেখ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাসকে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে কাশিয়ানী উপজেলার শিক্ষক সমাজ ক্ষোভে ফেটে পড়েন। কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জয়নুদ্দিন আহম্মেদ বলেন, এ ঘটনায় আমরা শিক্ষক সমাজ মর্মাহত। ঈদের ছুটির পর ৮ আগস্ট থেকে সমস্ত স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।