সিদ্ধিরগঞ্জে প্রকাশ্য দিবালোকে গুলি করে বিকাশের ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এসময় বিকাশের এজেন্টসহ ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শিমরাইল মোড় ট্রাকস্ট্যান্ড এলাকায়। ছিনতাইকারীদের গুলিতে আহত আরিফ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের বিকাশের সার্ভিস রিপ্রেজেনটেটিভ (এসআর) আরিফ হোসেন আবুল ও তার সহযোগী আক্তার মাহমুদ মোটরসাইকেলে শিমরাইল মোড় ট্রাকস্ট্যান্ডের সামনে পৌঁছে। এ সময় পিছন দিক থেকে ৩টি মোটরসাইকেলে আসা একদল ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে আরিফের মাথায় আঘাত ও পায়ে গুলি করে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারী তার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার সহযোগী আক্তার মাহমুদকেও মারধর করে ছিনতাইকারীরা। পরে এলাকাবাসীরা আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাশ এজেন্টের স্থানীয় ম্যানেজার পারভেজ রেজা জানায়, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বিকাশের টাকা কালেকশন করে শিমরাইলের অফিসে আসার পথে ছিনতাইকারীরা তাদের প্রায় ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় তাদের কর্মী আরিফ গুরুতর আহত হয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিচুর রহমান ঘটনাটি স্বীকার করে জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধারে তত্পরতা অব্যাহত রয়েছে।
