সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার মুহাম্মদ জহিরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:৩৪
আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার ড. মুহাম্মদ জহিরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬০ সালে ইংরেজি সাহিত্যে এম এ করার পর ১৯৬২ সালে তিনি হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে নিবন্ধিত হন। ১৯৬৪ সালে এল এল এম ডিগ্রি অর্জনের পর ১৯৬৬ সালে লন্ডন থেকে লাভ করেন কোম্পানি আইনের ওপর পিএইচডি ডিগ্রি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০ বছর কোম্পানি ল’র শিক্ষক ছিলেন। ১৯৭৪ সালে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হন। তিনি ১৯৭৪-৭৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান অ্যাটর্নি জেনারেলস ডিপার্টমেন্টে সহকারীর দায়িত্ব পালনকালে দেশটির নিরাপত্তা আইনের খসড়া প্রণয়নে সহায়তা করেন। ড. এম জহিরের লেখা ‘কোম্পানি অ্যান্ড সিকিউরিটিজ লজ’ বইটি দক্ষিণ এশিয়ার আইনের ছাত্র ও গবেষকদের কাছে ব্যাপকভাবে পঠিত। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সহকর্মী, বন্ধু ও আত্মীয়-স্বজনের কাছে অনুরোধ জানানো হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি