ধ্বংসের দ্বারপ্রান্তে দেশ, প্রতিরোধ গড়ুন

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:৩৯
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এ দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। কারণ তারা জনগণের প্রতিনিধিত্ব করে না, ‘অবৈধভাবে’ ও ‘জোর করে’ দেশের জনগণের ওপর চেপে বসেছে। কৃষিখাতসহ সব খাতকে অকেজো করে দিয়ে তারা দেশকে পরনির্ভরশীল করে ফেলতে কাজ করছে। তিনি কৃষিবিদসহ সকল পেশাজীবীকে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে আয়োজিত কৃষিবিদ সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, নিরপেক্ষ নির্বাচন ও ভোটাধিকার রক্ষায় রাজপথে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। কারণ আওয়ামী লীগ দেশকে এখন কোন্ অবস্থায় নিয়ে গেছে তা দেশের মানুষ দেখছেন। জনগণ তাদের ওপর অতিষ্ঠ। রমজান মাসেও দেশে হত্যা-গুম অব্যাহত রয়েছে। এ ‘অবৈধ’ সরকারকে হটাতে সকলকে বিএনপি জোটের ঐক্যবদ্ধ আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপি সরকারের সময় কৃষিক্ষেত্রে যেসব সুযোগ-সুবিধা ছিল, বর্তমান সরকার সেসব উঠিয়ে নিয়েছে। দফায়-দফায় বিদ্যুতের মূল্য বাড়িয়ে কৃষকদের সেচ-উত্পাদনসহ অন্য কাজগুলোয় বাধা সৃষ্টি করছে। এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এএম ফারুক, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেডএম জাহিদ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএডিসি’র সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, সাবেক সচিব ইঞ্জিনিয়ার আ.ন.হ আখতার হোসেন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা প্রমুখ।