বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, এই দেশে শ্রমিকদের পক্ষে জোরালো কণ্ঠস্বর চাই, যাতে শ্রমিকরা দৃঢ়তার সাথে সংগঠিত হতে পারে। এর ফলে তাদের যৌথ দর কষাকষির (কালেক্টিভ বার্গেনিং) সুযোগ তৈরি হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিক নেতাদের অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সলিডারিটি সেন্টার অনুষ্ঠানটির আয়োজন করে। তিনি কারখানার শ্রমিক ইউনিয়নের নেতাদের উদ্দেশে বলেন, আপনারাই পরিবর্তনের চালিকাশক্তি। আর কোন ‘রানা প্লাজার’ মত ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেন, এখন থেকে প্রতিটি কারখানায় শ্রমিক নিরাপত্তা কমিটি গঠিত হবে। সংশোধিত শ্রম আইনের বিধি তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এই বিধিতে বিষয়টি স্পষ্ট করা হবে। প্রতিটি কারখানায় ৫০ জনের একটি করে সেফিট কমিটি থাকবে। মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হবে। শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, সামপ্রতিক সময়ে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের হার বেড়েছে। শ্রমিকদের খেয়াল রাখতে হবে অধিকার আদায় করতে গিয়ে যাতে কারখানা বন্ধ না হয়ে যায়। এছাড়া সমপ্রতি ইউরোপ ও উত্তর আমেরিকার আলাদা দুটি কারখানা পরিদর্শন জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শনে এ পর্যন্ত ১৭টি কারখানা বন্ধ হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। ‘তাজরীন’ ও ‘রানা প্লাজা’ থেকে শিক্ষা নিয়েছি। বসে থাকার সুযোগ নেই। এসব কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা চাকরিচ্যুত হলেও যাতে আর কোন ‘রানা প্লাজা’ না ঘটে সেই চেষ্টা চলছে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা অগ্নি নিরাপত্তা সামগ্রী ব্যবহারে সচেতনতার উপর জোর দেন। গুণগতমানসম্পন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে তারা বলেন, এটি নিশ্চিত করা সম্ভব হলে ৭০ ভাগ অগ্নি দুর্ঘটনা কমে যাবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, বাংলাদেশে সলিডারিটি সেন্টারের প্রকল্প পরিচালক অ্যালেঞ্জো সুসন, পরামর্শক সেলিম নেওয়াজ ভুঁইয়া, সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক রোখসানা ইয়াসমিন আরজু। শ্রমিক অধিকার সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
গার্মেন্টস শ্রমিকদের অগ্নি ও ভবন নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন শীর্ষক ওই প্রকল্পে ২৪ জন শ্রমিক নেতাকে ১০ দিন ধরে নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। যুক্তরাষ্ট্রের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করে সলিডারিটি সেন্টার।
