পর পর দুই কন্যা সন্তানের জন্ম দেয়ায় স্বামীর নির্যাতনে প্রাণ দিলেন মৌসুমী আখতার (২৩) নামের এক গৃহবধূ। পুলিশ নিহতের স্বামী আব্দুস সালামকে গ্রেফতার করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ২০০৯ সালে চিরিরবন্দর উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুস সালামের সাথে পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের মৌসুমী আখতারের বিয়ে হয়। বিয়ের একবছর পর মৌসুমীর একটি কন্যা সন্তান জন্মে। এরপর গত বছরের জুন মাসে আবারও একটি কন্যা সন্তানের জন্ম দেয় মৌসুমী আখতার।
নিহত মৌসুমীর ভাই নয়ন অভিযোগ করেন, পর পর দুটি কন্যা জন্ম দেয়ায় মৌসুমীর উপর অত্যাচার ও নির্যাতন শুরু করে স্বামী আব্দুস সালাম ও পরিবারের লোকজন। গত বুধবার রাতে স্বামীর সাথে মৌসুমীর বাক- বিতণ্ডার এক পর্যায়ে তাকে বেদম প্রহার করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এলাকাবাসী রাতেই আব্দুস সালামকে আটক করে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় নিহতের পিতা ময়সার আলী সালামসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ময়না তদন্তের পর লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ আব্দুস সালামকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
