রায়গঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণকালে ৫ বস্তা চাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে সংরক্ষিত মহিলা মেম্বার অনিতা দাস বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে বাদী উপস্থিত থেকে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ১৩৩ জন দুঃস্থের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করছিলেন। এ সময় ১৮/২০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে ৫০ কেজি ওজনের ৫ বস্তা চাল লুট করে নিয়ে যায়।
বাধা দিতে গিয়ে মহিলা মেম্বার লাঞ্ছিত হন। এ ব্যাপারে ৬ জনসহ অজ্ঞাতনামা আরো ১৭/১৮ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানায় মামলা করা হয়েছে। আসামিরা হলেন মো. আলম, আজাদুল হক, মো. আব্দুল মালেক, বিলকিস খাতুন, রাজিয়া খাতুন ধুক্কি, রোকেয়া খাতুন।
থানার এ এস আই আব্দুল খালেক জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ শাহীনের সাথে বার বার সেলফোনে যোগাযোগ করলেও তিনি কোন মন্তব্য করেননি।
