যশোর পৌরসভায় মাস্টার রোলে কর্মচারী নিয়োগের নামে ব্যাপক বাণিজ্য ও খাতওয়ারি সেবা না দিয়ে ইচ্ছেমতো কর আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পৌর নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ। বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের আহ্বায়ক প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালাল। সমপ্রতি পৌরসভা অস্বাভাবিকহারে পৌরকর বাড়িয়েছে। কিন্তু কর আরোপের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী অ্যাসেসমেন্ট করার কথা থাকলেও নাগরিকদের চিঠি দিয়ে ইচ্ছেমতো কর বাড়ানো হয়েছে। এতে নাগরিকদের আগের চেয়ে বর্তমানে ১২ থেকে ১৩ গুণ বেশি কর দিতে হচ্ছে। নাগরিক আন্দোলন কমিটির অন্যতম নেতা গাজী গোলাম মোস্তফা জানান, ভবন সমপ্রসারণ না করেও তার বাড়ির কর গত ৯ বছরে ৪ বার বাড়ানো হয়েছে। আগে ৭০০ টাকা কর দিলেও এখন তাকে দিতে হচ্ছে ৭ হাজার টাকা।
নাগরিক আন্দোলনের আরেকজন নেতা ইকবাল কবির জাহিদ বলেন, পৌরবাসী বাড়িতে পানির লাইন রয়েছে এবং মানুষ বিল পরিশোধ করছেন। তা সত্ত্বেও নাগরিকদের কাছ থেকে ‘পানির রেট’ বসানোর নামে অযথা কর আদায় করা হচ্ছে। এক্ষেত্রে ১৫শ’ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অনেককে বাড়তি কর দিতে হচ্ছে। যদিও স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিকভাবে পৌরসভার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন পৌরসভার মেয়র মারুফুল ইসলাম।
