সাটুরিয়ায় সাতজন ভুয়া বিএসটিআই কর্মকর্তা আটক

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২১:২৪
মানিকগঞ্জের সাটুরিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসটিআইয়ের ভুয়া পরিচয়দানকারী ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন, হুমায়ূন কবির, রবিউল ইসলাম, আতিয়ার রহমান, মো. ইব্রাহীম হোসেন, মনিরুজ্জামান, ইমরান হোসেন ও আমিনুর ইসলাম। বিএসটিআই কর্মকর্তা পরিচয় দিয়ে সাটুরিয়া থানা সংলগ্ন বিসমিল্লাহ বেকারীতে তারা অভিযান চালায়। এ সময় পরিষ্কার পরিছন্নতা ও খাদ্য সামগ্রী তৈরির বিভিন্ন ত্রুটি দেখিয়ে বেকারীর ম্যানেজার সুনীল চন্দ্রের নিকট জরিমানার কথা বলেন। পরে তাদের আচরণে সন্দেহ হলে গোপনে ওই বেকারীর এক শ্রমিক থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর ভুয়া বিএসটিআই কর্মকর্তা প্রমাণিত হলে তাদের ব্যবহূত একটি নোয়া মাইক্রোবাসসহ ৭ ব্যক্তিকে আটক করে। সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করে শুক্রবার সকালে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।