বিভিন্ন স্থান পৃথক ঘটনায় চারজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত
পিরোজপুরের ঝনঝনিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে বোনের পক্ষ হয়ে প্রতিবেশীদের সাথে বিবাদ মিটাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম শরীফ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। আহত দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজন মহিলাকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গ্রামের শরীফবাড়ীর জ্ঞাতিদের মধ্যে ঝগড়াঝাটির জের ধরে হানিফ শরীফ নামে এক ব্যক্তি আপন চাচাতো ভাই কালামকে নিজ বাড়ির সামনে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। প্রথমে সদর হাসপাতালে পরে খুলনা হাসপাতালে নেয়ার পথে কালাম মারা যান।
গোপালপুরে পুত্রের হাতে পিতা খুন
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাবিবপুর গ্রামে গতকাল শুক্রবার ভোর জুলহাস মিয়া (৭০) নামে এক ব্যক্তি পুত্র খোকন মিয়ার হাতে খুন হয়েছেন। পুলিশ জানায়, ইফতার ও সেহেরী নিয়ে ঝগড়ার এক পর্যায়ে পিতাকে লাঠিপেটা করলে ঐ বৃদ্ধ গুরুতর আহত হয়। পরে মধুপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নওগাঁর ধামইরহাটে মহিলা খুন
নওগাঁর ধামইরহাট সদরের উত্তর চকযদু মহিল্লায় গত বৃহস্পতিবার রাতে খাইরুন বিবি (৫০) নামে এক গৃহবধূকে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহতের ছেলে সাজ্জাদ হোসেন সবুজ জানান, তারাবির নামাজ শেষে বাড়ি এসে দেখি মা নেই এবং ঘর তালাবদ্ধ। পরে বাড়ি পাশে বাগানে মারাত্মক জখম অবস্থায় মা পড়ে রয়েছেন। তাকে প্রথমে ধামইরহাট হাসপাতালে পরে ঢাকা নেয়ার পথে ভোরে মারা যান। ধামইরহাট থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, পূর্ব শত্রুতাবশত অথবা টাকার লেনদেনের কারণে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
লাকসামে শ্বশুরকে খুন করে পুত্রবধূর আত্মসমর্পণ
কুমিল্লার লাকসাম উপজেলার আশকামতা গ্রামে গত বৃহস্পতিবার রাতে চাঁন মিয়া (৭০) নামে শ্বশুরকে খুন করে পুত্রবধূ থানায় আত্মসমর্পণ করেছে। এ ব্যাপারে তাসলিমাকে প্রধান আসামি করে গতকাল শুক্রবার লাকসাম থানায় দেবর বাবুল মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। লাকসাম থানার ওসি (তদন্ত) নাসিরউদ্দিন বলেন, তাসলিমা কোন অসত্ উদ্দেশ্যে তার শ্বশুরকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর মূল ঘটনা জানা যাবে।
