দর্শনা চেকপোস্টে জাল ভিসাসহ আটক চার

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২১:৩৮
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাবার সময় জাল ভিসাসহ ৪ বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটককৃতরা হচ্ছে-মানিকগঞ্জের হরিয়ানপুর থানার সুলতানপুর গ্রামের মালেক খানের ছেলে শফিকুল খান (৩২), মুন্সিগঞ্জ সদরের উত্তর মহাখালী গ্রামের সফি দেওয়ানের ছেলে বাবুল দেওয়ান (২৪), নোয়াখালীর সুধারাম থানার শিবপুর গ্রামের আবুল কালামের ছেলে মানিক (৩২) ও নোয়াখালী সদরের পশ্চিম এওশাবিলা গ্রামের মফিজ উল্লার ছেলে মিজান ( ২৫)। দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এস আই শেখ মাহাবুবুর রহমান জানান, গতকাল শুক্রবার বেলা সাড়ে দশটার দিকে ভারতে যাবার জন্য দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে আসে এই ৪ জন। এ সময় এদের ভিসা মেশিনে চেকিং করলে সেগুলো জাল ভিসা হিসেবে ধরা পড়ে। পরবর্তীতে এই ৪ জনকে আটক করে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়। এদের বিরুদ্ধে মামলা হয়েছে। আটককৃতরা জানায়, তারা সবাই দীর্ঘদিন আবুধাবীতে শ্রমিক হিসেবে কর্মরত ছিল । সেখান থেকে তারা বাংলাদেশে ফিরে এসেছে। এরপর উজবেকিস্তানে যাবার জন্য ভারতের হাইকমিশনে ভিসা লাগানোর জন্য ভারতে যাচ্ছিল। বাদশা নামের এক দালালের মাধ্যমে তারা ৩০ হাজার টাকা খরচ করে ৪ টি ভিসা করেছে।