কচুয়ায় সড়ক দুর্ঘটনায় চিকিত্সকসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
কচুয়ায় চিকিত্সক নিহত
চাঁদপুরের কচুয়ায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪২) নামে এক চিকিত্সক মারা গেছেন। এ সময় ডা. ইব্রাহীম খলিল, ডা. আরিফুর রহমান ও গাড়িচালক মানিকসহ তিনজন আহত হন। ডা. শফিকুল ইসলাম ঢাকা জেলার থামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাক, কান ও গলা বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।
বেগমগঞ্জে ট্রাক চাপায় পিতা-পুত্রের মৃত্যু
নোয়াখালীর চৌমুহনী শহরের উত্তরে বেগমগঞ্জ-সোনাইমুড়ি সড়কে গত বৃহস্পতিবার গভীর রাতে একটি ট্রাক রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই পিতা আক্তার হোসেন (৪৫) ও পুত্র রিয়াজ (১৪) মারা যান। পুলিশ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় চৌরাস্তা থেকে আটক করে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে।
পাংশায় এএসআই নিহত
রাজবাড়ীর পাংশা উপজেলার মুরাদপুর এলাকায় গতকাল শুক্রবার সকালে মোটর সাইকেল ও বাসের সংঘর্ষে সাগর আহম্মেদ (২৮) নামে পাংশা থানার এক এএসআই মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে রাজবাড়ী যাওয়ার পথে একটি বাস মোটর সাইকেল আরোহী এএসআই সাগর আহম্মেদকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।
সুনামগঞ্জে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া আবাসিক এলাকার ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে গত বৃহস্পতিবার রাতে রবিন মিয়া (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সদর থানার এসআই কামাল বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মই দিয়ে উপরে ওঠার সময় পড়ে রবিন মারা যান।
ভাঙ্গায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের মোল্লা পাড়া জামাই বাড়ি থেকে ফেরার পথে খাল পার হতে গিয়ে পানিতে ডুবে গতকাল শুক্রবার সকালে নুরজাহান (৭৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
