দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। ইউনিয়নের দুটি গ্রুপ এ নিয়ে এর আগে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। আশংকা করা হচ্ছে, এর জের ধরে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ। ব্যাহত হতে পারে কয়লা খনির কার্যক্রম। গত ৫ জুলাই রাহেনুল ইসলাম নামে ইউনিয়নের একজন সাধারণ সদস্য অর্থ আত্মসাত্ ও শ্রমিক স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ইউনিয়নের বর্তমান নির্বাচিত কমিটি ভেঙ্গে সাত সদস্যের এডহক কমিটি করে। অথচ কমিটির আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের অধিকার রয়েছে। বর্তমান নেতৃত্ব দাবি করেছে, একটি মহল বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্পাদন কার্যক্রম ব্যাহতসহ বিশৃঙ্খলা সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত রয়েছে।
