নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার বিজিপির গুলিবর্ষণ

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২২:৩০
মিয়ানমার অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ির দোছড়ি সীমান্তে ৫০ থেকে ৫১ নং সীমান্ত পিলার এলাকায় মিয়ানমার বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) থেমে থেমে ব্যাপক গুলি ও মর্টারশেল নিক্ষেপ করেছে। এর ফলে সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনের মাঝে আবার আতংক ছড়িয়ে পড়েছে। মিয়ানমার বিজিপি সদস্যরা তাদের প্রশিক্ষণ ক্যাম্পে এ গোলাগুলি করেছে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় আতংকিত না হওয়ার জন্য বিজিবি’র পক্ষ থেকে সীমান্ত এলাকার লোকজনকে বলা হয়েছে। এদিকে হঠাত্ গোলাগুলির ঘটনায় লেম্বুছড়ি ও পানছড়ি বিজিবি সতর্কাবস্থায় রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান রশিদ আহম্মদ জানান, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমান্তের জিরো লাইনের ওপার থেকে গুলির শব্দ শোনা যাচ্ছিল। এসময় সীমান্তে বসবাসরত লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়ে। ওই এলাকার ইউপি সদস্য আবদু রহিম জানান, গুলির শব্দ শুনেছি, এটি তাদের প্রশিক্ষণ হতে পারে বা সন্ত্রাসী গোষ্ঠী আরএসওর সঙ্গে বন্দুকযুদ্ধও হতে পারে। নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খালেকুজ্জামান পিএসসি সাংবাদিকদের জানান, মিয়ানমার অভ্যন্তরে বাংলাদেশ সীমান্ত থেকে দেড় মাইলের মধ্যে সে-দেশের বিজিপি’র সদস্যরা তাদের প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণের সময় এ গুলি বর্ষণ করেছে। তবে এ নিয়ে আতংক হওয়ার কিছু নেই। কক্সবাজার বিজিবি’র সেক্টর কমান্ডার খন্দকার ফরিদ হাসান মিয়ানমার অভ্যন্তরে সীমান্ত এলাকায় গুলি বর্ষণের কথা স্বীকার করেছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদুল ইসলাম জানান, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং পুলিশের মাধ্যমে খোঁজ নিয়ে জেনেছি গুলি বর্ষণের ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে চলছে। তবে মিয়ানমার সীমান্তরক্ষীর প্রশিক্ষণ চলছে, নাকি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হচ্ছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।