চোখের জলে শিক্ষার্থীদের স্মরণ

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২২:৩১
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষার্থীদের চোখের জলে স্মরণ করলো স্বজন, সহপাঠি এবং আবুতোরাবের সর্বস্তরের মানুষ। শুক্রবার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘আবেগে’ পুষ্পস্তবক অর্পণ, শোক মিছিল, স্মরণ সভা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় মিরসরাই ট্র্যাজেডির ৩য় বার্ষিকী। শুক্রবার সকালে স্মৃতিস্তম্ভ ‘আবেগে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র পক্ষে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমান। শ্রদ্ধা জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, মিরসরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, জাসাস কেন্দ ীয় কমিটির সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী, নিহতদের বাবা-মা এবং স্বজনরা। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্বজনরা স্মৃতিস্তম্ভে নিজের সন্তানের ছবির দিকে নির্বাক তাকিয়ে থাকেন। স্কুলের শিক্ষার্থীরা তাদের সহপাঠিদের শোকে কান্নায় ভেঙ্গে পড়ে। সেই সড়ক দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের বর্তমান দশম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান জানায়, দুর্ঘটনার তিন বছর পার হলেও আজো একদিনের জন্যও ভুলতে পারিনি সে দুঃসহ স্মৃতি। সে ক্ষোভের সাথে বলে, দুর্ঘটনার পর আমাদের স্কুল সরকারিকরণের আশ্বাস দেয়া হলেও আজো স্কুল সরকারি করা হয়নি। নিহত স্কুল শিক্ষার্থী আশরাফ উদ্দিনের বাবা নিজাম উদ্দিন বলেন, ছেলেকে আজো ভুলতে পারিনি। স্মৃতিস্তম্ভ ‘আবেগে’র কাছাকাছি এলেই প্রিয় সন্তানের ছবি দেখে শোকে কাতর হয়ে যাই। জুয়েল শীলের মা নিলীমা বলেন, প্রিয় সন্তান হারানোর যন্ত্রণা আজো বয়ে বেড়াচ্ছি। আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বলেন, মিরসরাই ট্র্যাজেডিতে যে ক্ষতি হয়ে গেছে তা কোনোদিন পূরণ হওয়ার নয়। তিনি প্রশাসনের কাছে আবুতোরাব উচ্চ বিদ্যালয় সরকারিকরণের দাবি পুনর্ব্যক্ত করেন।