সাগরে কম পেয়ে কিভাবে আমরা জয়ী হলাম

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২২:৩২
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমুদ্রসীমা নিয়ে সরকার নাটক শুরু করেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ জয় পেয়েছে। জয় তখন হয়, যখন অতিরিক্ত কিছু পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের যা প্রাপ্য তা থেকে ছয় হাজার বর্গমাইল কম পেয়েছে। তাহলে কিভাবে আমরা জয়ী হলাম? তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়েছে। আর এতে দেশের মানুষ ঠিকই বুঝতে পেরেছে বাংলাদেশ জয়ী হয়েছে, নাকি পরাজয় বরণ করেছে। সরকারের আসল চেহারা প্রকাশ পেয়েছে। পদ্মা সেতু নিয়ে সরকারের দুর্নীতির অভিযোগ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বর্তমানে যারা পদ্মা সেতুর কাজ পেয়েছে সরকার নাকি তাদের নামই জানে না। এই সরকারের কোনো ভিত্তি নেই। ঈদের পর খালেদা জিয়া ঘোষিত আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। গতকাল সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ : ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মার্শেল এম চিরান। প্রধান আলোচক ছিলেন বিএনপি স্থায়ী কমিটির আ স ম হান্নান শাহ। সভায় বাংলাদেশের সমতলের ৩৬টি আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা বক্তব্য দেন। এর মধ্যে উল্লে¬খযোগ্য হচ্ছে- মালো সমপ্রদায়ের অ্যাডভোকেট মাইকেল বি মালো, গারো সমপ্রদায়ের দানেস সাংমা, হাজং সমপ্রদায়ের অ্যাডভোকেট বিপুল হাজং, পান্তা সমপ্রদায়ের এ্যাডভোকেট শুভ্রা পান্তা, মুরং সমপ্রদায়ের মিলন ওরং, হদি সমপ্রদায় পরিমল বিশ্বাস, ফেডোস্টেন সাংমা, অঞ্জন চিসাম প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির সহ-প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ অন্যরা উপস্থিত ছিলেন।