বান্ধবীর ড্রাইভিং শখ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২২:৩৪
মোস্তামসির আশরাফ শুভ্রর ঘনিষ্ঠ বান্ধবী ও ব্যবসায়ীক অংশীদার জান্নাতুল ইসলাম। দুইজনেই রাজধানীর দুইটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। সখ করে শুভ্রর প্রাইভেটকার চালাচ্ছিলেন জান্নাতুল। পাশের সিটে বসা ছিলেন শুভ্র। দ্রুতগতিতে প্রাইভেটকার চালিয়ে ফ্লাইওয়ার থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত করেন রাস্তার পাশে পার্ক করা পুলিশের টহল ভ্যানে। দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারের এক পাশ। ঘটনাস্থলে মারা যান শুভ্র। আহত হন পুলিশের ভ্যানে থাকা এক পুলিশ ও দুই আনসার সদস্য। আর সামান্য আহত হন চালক জান্নাতুল। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার সংলগ্ন নাখালপাড়া কলোনি গেট এলাকায়। এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে জান্নাতুল ইসলামকে। গতকালই তাকে আদালতের নির্দেশে পাঠানো হয়েছে কারাগারে। নিহত শুভ্রর বাবার নাম আব্দুল মান্নান। তিনি সাবেক বিচারক। বর্তমানে তিনি জেলা ও দায়রা জজ আদালতের ইন্সপেক্টর অব রেজিস্ট্রার। বাসা উত্তরা ৬ নম্বর সেক্টর, বাড়ি নম্বর ২৭। পুলিশের টহল ভ্যানে দায়িত্বরত তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর নিজামুল হক জানান, রাত তখন দেড়টা। শাহীনবাগ এলাকায় (মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ও বিএএফ শাহীন কলেজের মাঝামাঝি স্থানে) মহাখালী ফ্লাইওভাবের সামনে ঘটনার সময় তাদের টহল ভ্যানটি রাস্তার পাশে পার্ক করা ছিল। হঠাত্ ফ্লাইওভার থেকে দ্রুতগতিতে আসা কালো রংয়ের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২৯-০৩৫০) পুলিশের গাড়ির উপর আঘাত করে। গাড়িটি চালাচ্ছিলেন জান্নাতুল। আর পাশের সিটে বসা ছিলেন শুভ্র। প্রাইভেট কারের ধাক্কায় পুলিশের ভ্যানটি ফুটপাতে উঠে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় পেছনের অংশ। অপরদিকে ক্ষতিগ্রস্ত হয় প্রাইভেটকারের বাম ও সামনের অংশ। এতে আহত হন পুলিশের ভ্যানে থাকা কনস্টেবল আবুল হোসেন, আনসার সদস্য ফোরকান ও আব্দুর রাজ্জাক। অন্যদিকে প্রাইভেটকার থেকে রক্তাক্ত অবস্থায় শুভ্রকে উদ্ধার করে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ ও আনসার সদস্যদের পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে জান্নাতুল জানিয়েছেন, তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। তার বাসা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়। শুভ্র তার ব্যবসায়ীক পার্টনার। তারা উত্তরার একটি শপিং মলে মিউজিক ক্যাফে দোকানের মালিক। রাতে দোকান বন্ধ করে তারা এক আত্মীয়ের সঙ্গে দেখা করার জন্য ধানমন্ডি যাচ্ছিলেন। ফ্লাইওভার থেকে নামতে গিয়ে ব্রেক ফেল করার কারণে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতুল জানিয়েছেন, তিনি ২০১০ সাল থেকে গাড়ি চালান। তার ড্রাইভিং লাইসেন্স রয়েছে। ওসি বলেন, এ ঘটনায় জান্নাতুলকে আসামি করে সাব-ইন্সপেক্টর সরদার নিজামুল বাদী হয়ে থানায় মামলা করেছেন। জান্নাতুল ম্যাজিস্ট্রেটের কাছে দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি জব্দ করে থানায় রাখা হয়েছে। তিনি জানান, জান্নাতুল জানিয়েছেন, প্রাইভেটকারের মালিক শুভ্র। তবে সঠিক মালিকানা যাচাই করে দেখা হচ্ছে। নিহত শুভ্রর চাচাতো ভাই খালেদুজ্জামান জানান, তিন বোনের একমাত্র ভাই শুভ্র। তিনি কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন। এরপর তিনি ব্যারিস্টারি পড়ার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ বছরই তার লন্ডন যাওয়ার কথা ছিল। গ্রেফতারকৃত জান্নাতুল সম্পর্কে তিনি জানান, তাকে তিনি চেনেন না। ময়না তদন্ত শেষে মরদেহ গতকাল বিকালে গ্রামের বাড়ি দোহারের মোকছেদপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।