মানরক্ষার ম্যাচে জয় চায় ব্রাজিল

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২২:৩৭
ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চায় আজ রাতে অনুষ্ঠেয় তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডকে হারিয়ে কিছুটা হলেও সম্মান উদ্ধারের জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিকটে পড়া নেইমার। তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে অংশগ্রহণে কোনো দলেরই তেমন কোনো আগ্রহ না থাকলেও স্বাগতিক ব্রাজিলের জন্য এটা বিশেষ তাত্পর্যের বলা যায়। কেননা এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের হতাশা কিছুটা হলেও মিটার সুযোগ পাবে তারা। কলম্বিয়ার কাছে কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যাওয়ায় সেমিফাইনাল মিস করেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারের। দলের লজ্জাজনক এই পরাজয়ের পর এই সুপারস্টার বৃহস্পতিবারই প্রথম মিডিয়ার মুখোমুখি হন। সেলেসাওদের সর্বকালের বড় পরাজয়ের ব্যাপারে নেইমার বলেছেন, ‘এটা অবিশ্বাস্য, ব্যাখ্যাতীত। ইতিহাসে আমাদের নাম লেখার সুযোগ ছিল। কিন্ত ব্যর্থ হয়েছি আমরা। আমাদের অভিযানটা ভাল হয়নি। আমরা ধারাবাহিক ছিলাম, যার কারণে আমরা সেমিফাইনাল পর্যন্ত আসতে পেরেছিলাম। যদিও আমরা ব্রাজিলের সঙ্গে মোহনীয় ফুটবলটা খেলতে পারিনি।’ তৃতীয়স্থান নির্ধারণী লড়াইয়ে ভাল করার জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানিয়ে বার্সার এই তারকা আরও বলেছেন, ‘শনিবারের ম্যাচটিতে এমন ভঙ্গি নিয়ে আমাদের খেলা দরকার দেখে যেন মনে হয় ফাইনালই খেলছি। জয়ের হাসি দিয়ে টুর্নামেন্ট শেষ করা উচিত আমাদের। জানি, এই জয় আমাদের দুঃখ কমাতে পারবে না। তারপরও এই জয়টা গুরূত্বপূর্ণ।’ তবে ব্রোঞ্জ পদকের এই লড়াইটা তেমন গুরুত্বের সঙ্গে দেখছেন না ব্রাজিল দলের রাইট-ব্যাক ড্যানিয়েল আলভেস, ‘প্রথমস্থানটাই গুরুত্বপূর্ণ। এর বাইরে কিছু নেই। আমরা কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করি। তাই এই পরাজয় এবং শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ার দায় তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচের আগে আমাদেরই নিতে হবে। যদিও আমি মনে করি প্রতিটি ম্যাচেই প্রথম হওয়ার সুযোগ থাকে। তারপরও এই ম্যাচটি আমার কাছে অর্থহীন মনে হচ্ছে।’ একম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ফিরছেন নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভা। এদিকে এটাই ব্রাজিল কোচ লুইজ ফিলিপ স্কোলারির শেষ ম্যাচ হতে পারে। দলের ব্যর্থতার জন্য তার জায়গায় পরিবর্তনের জোর সম্ভাবনা রয়েছে। প্লে-অফের এই ম্যাচে স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ হলেও বিশ্বকাপ ভাল কেটেছে বলে জানালেন নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল, ‘দারুণ একটি টুর্নামেন্ট হয়েছে আমাদের। আমরা গ্রুপ পর্ব উতড়াবো, এটাই অনেকে বিশ্বাস করেনি।’ তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচটিতে অর্থহীন বলছেন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া এই ডাচ কোচও। তবে প্রস্তুতির জন্য আরও কিছু সময়ের প্রয়োজন ছিল বলে জানালেন তিনি, ‘বিশ্রামের জন্য একদিনেরও কম সময় পেয়েছি আমরা। ফলে খুব বেশি প্রস্তুতি নেই আমাদের। তাছাড়া তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ এমনিতেই আমি অর্থহীন করে দেখি।’