বিশ্বকাপ ফুটবলে জার্মানির আলোচিত সমর্থক মাগুরার কৃষক আমজাদ হোসেনকে শুভেচ্ছা জানাতে যাচ্ছেন বাংলাদেশে জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স। জার্মান ফুটবল দলের সমর্থনে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা বানানোর জন্য তাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাবেন জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফার্দিনান্দ ফন ওয়েহে। একই সঙ্গে তাকে জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের সদস্যপদ দেয়া হবে। মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শুভেচ্ছা অনুষ্ঠানে আজ শনিবার দুপুরে একটি সনদ ও উপহারও প্রদান করা হবে আমজাদ হোসেনকে। মাগুরার অতিরিক্ত জেলা কমিশনার একেএম তারেক এবং ইউএনও আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
জার্মান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফার্দিনান্দ ফন ওয়েহে মাগুরা যাচ্ছেন পতাকা দেখতে। মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের এই কৃষক বিশ্বকাপ শুরুর সময় জার্মান দলের সমর্থনে জমি বিক্রি করে প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের একটি পতাকা তৈরি করেন।
বিবিসিকে এক সাক্ষাত্কারে আমজাদ হোসেন তার সমর্থনের বিষয়ে বলেন, ২০০৫ সালে আমার বিশেষ একটা ব্যাধি হয়। বাংলাদেশের কোন ডাক্তারের চিকিত্সাতেই ভালো হচ্ছিল না। শেষে এক হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিত্সায় জার্মানি থেকে আনা ওষুধ খেয়ে ভালো হই। জার্মানির ওষুধ খেয়ে বেঁচে উঠেছি। যতদিন বেঁচে থাকবো, আমি এবং আমার পরিবার এই জার্মানিকেই সমর্থন করে যাবো, জার্মানিকেই ভালোবাসবো।
