দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশের সাথে ভারতের সমুদ্র সীমার আইনি মীমাংসায় যে বিজয় অর্জিত হয়েছে, সে বিজয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিশ্বে দক্ষ, পরিশ্রমী ও সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুক্রবার লালদীঘি জামে মসজিদ এলাকায় আয়োজিত মহানগর আওয়ামী লীগের শোকরানা মাহফিল শেষে র্যালী পূর্ব সমাবেশে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী একথা বলেন।
সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেন, আজ মহাসাগরীয় বিশ্বে আরেকটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের এই অভূতপূর্ব অর্জনকে নিয়ে বিরোধীরা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন।
মাহফিল ও র্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি নঈমুদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা মো. শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, সম্পাদক মন্ডলীর সদস্য চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আবদুল আহাদ, দেবাশীষ গুহ বুলবুল, আবু তাহের, মানস রক্ষিত, সহ-সম্পাদক শহীদুল আলম, জহর লাল হাজারী প্রমুখ।
এদিকে মিয়ানমারের পর ভারতের সঙ্গেও সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি মামলায় জয়ী হওয়ায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ও সাবেক কমিশনার হাজী জয়নাল আবদীন।
