রাজবাড়ী জেলা সদরের পাচুরিয়া ইউনিয়নের দয়ালবন্ধু গ্রামে শুক্রবার স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার শেখ ওরফে সাত্তার মাতব্বরকে (৫৫) দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাত্তার শেখ নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে দয়ালবন্ধু মাদ্রাসার মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। পরে রেল লাইন দিয়ে বাড়ির উদ্দেশে কিছু দূর আসতেই ৪/৫ জনের মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এবং তার মাথায় একাধিক গুলি ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ সময় তার চিত্কারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ১ ছেলে ও ৫ মেয়ের জনক সাত্তার শেখ। প্রতিবেশী এক ব্যক্তির সাথে তার পূর্ব বিরোধ রয়েছে বলে জানা গেছে।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, বিকালে রাজবাড়ীর রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। সাত্তার শেখের পিতার নাম সুফি শেখ। তিনি পাচুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং রেলওয়ের রাজবাড়ীর জামালপুর রেলষ্টেশনের খালাসি পদে কর্মরত ছিলেন।
