আইফোনকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে ঘোষণা চীনের

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২০:১২
আইফোনের প্রতিটি নতুন সংস্করণের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে প্রযুক্তিপ্রেমীরা। তবে অত্যাধুনিক এই পণ্যকেই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে চীন। চীনের সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ চায়না সেন্ট্রাল টেলিভিশনে (সিসিটিভি) গত শুক্রবার এক খবরে এ উদ্বেগের কথা জানানো হয়। ওইদিনের খবরে বলা হয়, অ্যাপলের আইওএস ৭ অপারেটিং সিস্টেমের ‘ফ্রিকোয়েন্ট লোকেশন’ ফিচারটি আইফোন ব্যবহারকারীর প্রতিটি মুহূর্তের অবস্থান এবং সময়ের রেকর্ড রাখতে পারে। এই ফিচারটিই চীনের অর্থনেতিক অবস্থার বিভিন্ন তথ্য এবং এমনকি জাতীয় গুরুত্বপূর্ণ সব সংবেদনশীল তথ্যও পাচার করার সামর্থ্য রাখে। চীনের হাই-এন্ড স্মার্টফোনের বাজারের প্রায় ৮০ ভাগই দখলে রেখেছে আইফোন। দেশটির সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকের হাতেই আইফোন রয়েছে। সে কারণেই জাতীয় নিরাপত্তার জন্য একে বড় ধরনের ঝুঁকি বলে অভিহিত করেছে সিসিটিভি। সিসিটিভির এই খবর সম্পর্কে অবশ্য অ্যাপল আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে ফ্রিকোয়েন্ট লোকেশন ফিচারটির বর্ণনায় অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারীর ভ্রমণপথের রেকর্ড সংরক্ষণ করে এটি তার সহায়ক হয়ে উঠতে পারে। ডিভাইসের সেটিং থেকে এই ফিচার নিষ্ক্রিয় করেও রাখা যায়।