নতুন মিত্রের সন্ধানে ল্যাটিন আমেরিকা সফরে পুতিন

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২০:২১
ল্যাটিন আমেরিকার দেশগুলোতে সফরের অংশ হিসাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে সাক্ষাত্ করেছেন। তার সফরের মূল উদ্দেশ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রভাবমুক্ত থাকতে নতুন মিত্র শক্তির সন্ধান করা। কিউবায় প্রথম সফরের পর পুতিন রাউল ক্যাস্ত্রোর সঙ্গে সাক্ষাত্ করেন। সেখানে তিনি দু’দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর তিনি রাউল ক্যাস্ত্রোর ভাই ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গেও দেখা করেন। সফরের আগে রাশিয়া কিউবায় সোভিয়েত আমলের থাকা ৯০ শতাংশ ঋণ বাতিলের বিষয়টি নিশ্চিত করে। কিউবা সফরের পর তিনি আর্জেন্টিনা, ব্রাজিলও যাবেন। ব্রাজিলে তিনি বিশ্বকাপ ফাইনাল খেলা নেতাদের সঙ্গে উপভোগ করবেন। এরপর তিনি ব্রিকসের জরুরি অর্থনৈতিক সম্মেলনেও যোগ দিবেন। ব্রাজিলের শহর ফোর্টালেজায়ই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাও অংশগ্রহণ করবে। কিউবায় সফরের সময় তিনি সেদেশের সাংবাদিকদের বলেন, ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতার হস্ত প্রসারিত করা এখন রাশিয়ার বৈদেশিক নীতির একটা গুরুত্বপূর্ণ দিক। পুতিন বলেন, আন্তর্জাতিক বিভিন্ন পদক্ষেপে ল্যাটিন আমেরিকার দেশগুলো আমাদের সমর্থন দেয়ায় আমরা তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি ভবিষ্যতেও ল্যাটিন আমেরিকার দেশগুলো তাদের প্রতি এ সমর্থন চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মূলত ইউক্রেনের বিষয়ে রাশিয়ার মাথাব্যথার কারণেই মস্কো এ সহযোগিতা চাইছে ল্যাটিন আমেরিকার দেশগুলোর কাছে। সফরের একপর্যায়ে পুতিন এবং রাউল ক্যাস্ত্রো কিউবায় সোভিয়েত সৈন্যদের স্মরণে তাদের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।