ইরাকের দুটি তেলক্ষেত্র কুর্দিদের দখলে

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২০:২১
বাগদাদ সরকারের সঙ্গে বিরোধ বাড়তে থাকার মধ্যে দেশের দুটি তেলক্ষেত্র দখল করে নিয়েছে ইরাকের কুর্দিরা। ইরাকি ও কুর্দি সূত্রগুলো বলেছে, কুর্দি পেশমেরগা বাহিনী দেশের উত্তরে বাই হাসান এবং কিরকুক তেল উত্পাদন কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে। — বিডিনিউজ কুর্দি এমপি’রাও ইরাকের কেন্দ্রীয় সরকার থেকে বেরিয়ে গেছে। কুর্দিরা চরমপন্থিদেরকে আশ্রয়-প্রশ য় দিচ্ছে বলে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি অভিযোগ করার পর এর প্রতিবাদে সরকার থেকে বেরিয়ে যায় কুর্দি রাজনৈতিক ব্লক। গত মাসে ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলে ‘ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ত’ (আইএসআইএল) নেতৃত্বাধীন সুন্নি বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে সেনাবাহিনী পিছু হটলে ওই এলাকাগুলোতে ঢুকে পড়ে কুর্দি বাহিনী। কুর্দিরা তখন থেকেই দখল করা এলাকাগুলোতে তাদের স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেছে। এতে করে ইরাকের কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে কুর্দিদের উত্তেজনা বেড়েছে। শুক্রবার এক বিবৃতিতে ইরাকের তেল মন্ত্রণালয় কুর্দিদের তেলক্ষেত্র দখলের নিন্দা জানিয়েছে। কুর্দিরা সুন্নি বিদ্রোহীদের তত্পরতার সুযোগে তেলক্ষেত্র দখল না করে বরং সরকারের নিরাপত্তা বাহিনীকে আইএসআইএল এর সঙ্গে লড়তে সহায়তা করবে এমনটাই কর্তৃপক্ষ আশা করেছিল বলে জানায় মন্ত্রণালয়। রয়টার্স জানায়, কুর্দিস্তান আঞ্চলিক সরকারের একটি ঊর্ধ্বতন সূত্র তেলক্ষেত্র দখলের খবর নিশ্চিত করেছেন। কুর্দিদের দখল করা এ তেলক্ষেত্র দু’টিতে দৈনিক ৪ লাখ ব্যারেল তেল উত্পাদিত হয়।