বেনাপোলে অস্ত্র ও গুলিসহ খুনি আসামি আটক
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের যুবলীগ কর্মী লালন হত্যা মামলার আসামি আকরাম হোসেনকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। সে বারোপোতা গ্রামের কুদ্দুস শরীফের ছেলে। গত শুক্রবার রাতে সাতক্ষীরার কলারোয়া থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, গত ২৬ এপ্রিল বেনাপোলের বারোপোতা গ্রামে চোরাচালানী ঘাট দখলকে কেন্দ্র করে যুবলীগের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ১ ঘন্টার ব্যবধানে যুবলীগের দু’ গ্রুপের দুই কর্মী লালন ও ইমানুর হত্যার ঘটনা ঘটে। লালন হত্যার ঘটনায় আকরাম হোসেনকে আসামি করে মামলা হওয়ায় দীর্ঘদিন সে এলাকা ছেড়ে সাতক্ষীরার কলারোয়া থানায় আত্মগোপন করেছিল।
ডিমলায় গৃহিণী কর্নারের সভা অনুষ্ঠিত
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল শনিবার পল্লীশ্রী এলএইচডিপি প্রকল্পের সহযোগিতায় পল্লীশ্রী ইউনিট অফিসে গৃহিণী কর্নারের সদস্যদের সাথে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ডিমলার বিভিন্ন পেশাজীবী ৫০ জন নারী উপস্থিত ছিলেন। নারী গৃহিণী কর্নারের সভায় এসে তাদের নিজের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেন এবং নারীরা পরিবারে ও সমাজে কিভাবে ভালভাবে থাকতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়। নারীদের উন্নয়নের জন্য সমসাময়িক বিভিন্ন তথ্য দিয়ে নারীদের সমৃদ্ধ করা হয়। গৃহিণী কর্নার সভা পরিচালনা করেন প্রোগ্রাম ফ্যাসিলিটেটর নার্গিস বেগম। এ সময় পল্লীশ্রী রিকল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণসহ ইউনিটের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ে এফপিএবি ৩ বার শ্রেষ্ঠ এনজিওর পুরস্কার পেল
পঞ্চগড় প্রতিনিধি \ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি পঞ্চগড় বিশেষ কর্ম ইউনিট পরিবার পরিকল্পনা কার্যক্রমের ওপর জেলাপর্যায়ে পর পর ৩ বার শ্রেষ্ঠ এনজিওর পুরস্কার পেয়ে হ্যাট্রিক করেছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এফপিএবিকে জেলার শ্রেষ্ঠ এনজিওর সনদ প্রদান করেন পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহম্মেদ কবির। এফপিএবি পঞ্চগড় বিশেষ কর্ম ইউনিটের সহকারী জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রেষ্ঠ এনজিও সনদ গ্রহণ করেন। এ অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া প্রকল্পের সভা
গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া প্রকল্পের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গোপালগঞ্জ শিশু একাডেমী চত্বরে প্রকল্পের ব্যবস্থাপনা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রবীন্দ্রনাথ অধিকারী, ডা. বাবুল রশিদ, অধ্যাপক মো. হাবিবুর রহমান, সাংবাদিক মনোজ সাহা, এ.কে.এম ফিরোজ, রূপক মুখার্জী, শিক্ষক উত্তম চক্রবর্তী, গবেষক রইচ বিশ্বাস, আব্দুল ওহাব, এ.কে.এম জালালউদ্দিন বক্তব্য রাখেন। সভায় গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলার ১০ জন গবেষক অংশগ্রহণ করেন।
কুড়িগ্রামে ভারতীয় গাঁজাসহ দুইজন আটক
কুড়িগ্রাম প্রতিনিধি \ কুড়িগ্রামে ভারত থেকে পাচার করে আনা ৩২ কেজি গাঁজাসহ হাসু মিয়া ও লিটন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সেইসাথে গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। গতকাল শনিবার ভোরবেলা ধরলা সেতু পূর্বপাড়ের টোলঘরের সামনে থেকে পিকআপ ভ্যানে গাঁজাগুলো উদ্ধার এবং ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন মিয়া জানান, পলিথিন দিয়ে মুড়িয়ে অভিনব কায়দায় তেলের ড্রামের মধ্যে ঢুকিয়ে গাঁজাগুলো নাগেশ্বরী থেকে বগুড়া নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেফতারকৃত হাসু মিয়া পলাশবাড়ী গ্রামের ছেলে এবং লিটন সুভারকুটি গ্রামের ছেলে।
বকশীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রীর যাকাত বিতরণ
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০টি হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে যাকাতের অর্থ বিতরণ করেছেন। শনিবার সকালে দলীয় কার্যালয়ে দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিজনকে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা বিতরণ করেন।
ফরিদপুরে পাগলীর আক্রমণে গরুর মৃত্যু
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা \ গত শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় গোপালনগর গ্রামের চকপাড়ার শাহজাহান মেম্বারের কন্যা পাগলী বেলী খাতুন (৩৮) গোড়ায় খড় খাবার সময় গরুর ঘাড়ে দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক আহত করে। মুমূর্ষু অবস্থায় লোকজন এসে গরুটিকে জবাই করে। বেলীকে এখন তার বাবা গৃহবন্দী করে রেখেছে। উল্লেখ্য, পূর্বেও তাকে পাগলামীর কারণে পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিল।
নাটোরে অ্যাডভোকেট রশিদুজ্জামান সাদীর স্মরণ সভা
নাটোর প্রতিনিধি \ বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক এডভোকেট রশিদজ্জামান সাদীর মৃত্যুতে স্থানীয় ইংগীত থিয়েটার শুক্রবার রাতে মুসলিম ইন্সটিটিউটে এক স্মরণ সভার আয়োজন করে। মনোজিত্ বাগচীর সভাপতিত্বে সভায় আলোচনা করেন কথা সাহিত্যিক জাকির তালুকদার, সুখময় রায় বিপ্লু, কুদ্দুস সরকার, উমা চৌধুরী, খগেন্দ্র নাথ রায়, রেজাউল করিম খান প্রমুখ।
গৌরনদীতে ২ মাদক সম্রাট গ্রেফতার
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদী থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে মাদক সম্রাট রুবেল সরদার (২৭) ও কাদের লস্করকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করেছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের পরিদর্শক রায়হানসহ ৫ সদস্যের ওপর হামলা-মামলাসহ মাদকদ্রব্য আইনে ৮টি ও কাদের লস্করের বিরুদ্ধে নারী নির্যাতন আইনসহ মাদকদ্রব্য আইনে ৪টি মামলা রয়েছে। রুবেল উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের ছেলে। কাদের লস্কর উপজেলার বার্থী গ্রামের ছেলে।
বিরামপুরে ৬৭২ প্যাকেট ভারতীয় পটকা উদ্ধার
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যগণ গতকাল শনিবার বিরামপুর রেলস্টেশন থেকে ৬৭২ প্যাকেট ভারতীয় পটকা (বাজি) উদ্ধার করেছে। একই দিন পৃথক অভিযান চালিয়ে বিরামপুরের বিজুল ও মাধবপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় ২ হাজার পিস প্রাকটিন ট্যাবলেট, ৩৯ কেজি জিরা, ৫টি মোটরসাইকেল, শাড়ি, লাঙ্গলের ফলা, স্টিল সামগ্রী, দুধ, বিস্কুট ও বাইসাইকেল উদ্ধার করেছে। আটক মালামালের মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা।
মহেশপুরে জামায়াতের তিন নেতা গ্রেফতার
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ শুক্রবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে জামায়াতের ৩ জন রোকনকে গ্রেফতার করেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ শাহাজান আলী জানান, উপজেলার বাঘাডাঙ্গা গ্রাম থেকে জামায়াত ইসলামের ইউপি রোকন খাইরুল ইসলাম জুপিটার, নেপা গ্রাম থেকে নেপা ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলামের ভাই জামায়াতের রোকন জহুরুল ইসলামকে এবং খালিশপুর সরদার পাড়ার জামায়াতের রোকন ও ক্যাডার জিয়াউর রহমানকে পুলিশ নাশকতা, মূর্তি ভাঙ্গা ও অফিসে আগুন দেয়া মামলায় গ্রেফতার করেছে। গতকাল শনিবার সকালে তাদেরকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করেছে।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে পরিবেশ বিষয়ক সেমিনার
নেত্রকোনা প্রতিনিধি \ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে পরিবেশ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি অধ্যাপক কবির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ‘পবার’ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য বিশিষ্ট পরিবেশবাদি শামীম খান টিটু। বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, পবার জেলা সম্পাদক অধ্যাপক ব্রজেন্দ্র সরকার, সাংবাদিক সমিতির আহ্বায়ক হায়দার জাহান চৌধুরী, সুজাদুল ইসলাম ফারাস, কামাল আহমেদ এবং আনিসুর রহমান।
তারাকান্দা থেকে ছিনতাইকৃত সিএনজি ঝিনাইগাতীতে উদ্ধার
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ ময়মনসিংহের তারাকান্দা থেকে ছিনতাইকৃত সিএনজি ঝিনাইগাতী থেকে উদ্ধার করেছে শেরপুরের ডিবি পুলিশ। গত শুক্রবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফাকরাবাদ গ্রামের আসর আলীর পুত্র রবিনকেসহ ছিনতাইকৃত সিএনজিটি আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে যাত্রী সেজে ক’যুবক তারাকান্দা থানার কাজিয়া কান্দা গ্রামের নেওয়াজ আলীর পুত্র শফিকুল ইসলামের (৩০) সিএনজি ভাড়া নেয়। পরে যাত্রীবেশী দুর্বৃত্তরা শফিকুলকে গলা কেটে হত্যার পর সিএনজি ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়।
সাতক্ষীরায় পাঁচ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় পাঁচ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। মাদক বিক্রয় না করার শর্তে গতকাল শনিবার সাতক্ষীরা সদর থানায় এসে আত্মসমর্পণ করে। এসময় তাদের কাছ থেকে মাদক ব্যবসা না করার শর্তে মোচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। আত্মসমর্পণকৃত মাদক ব্যবসায়ীরা হল, সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের রুস্তম আলী (৬০) ও তার স্ত্রী আমেনা খাতুন। তুজুলপুর গ্রামের আজিজ মুক্তি আইয়ুব আলী (৪০), ভাটপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও গোবিন্দ কাঠি এলাকার দেবদ্রত সরকার (২৫)। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক, এস আই বিধান চন্দ্র, সাংবাদিক ইয়ারব হোসেন প্রমুখ।
জলঢাকা পৌরসভার বাজেট ঘোষণা
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর জলঢাকায় গতকাল শনিবার বিকাল ৩টায় পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০১৪-১৫ অর্থ বছরের জন্য সর্বমোট ৪৪ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৫শত টাকার বাজেট পৌর ভবনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, অন্যদের মধ্যে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর কাউন্সিলর সহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
নাসিরনগরে বিএনপি’র মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোকর্ন ইউপি চেয়ারম্যান এম এ হান্নানের মুক্তির দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার দুপুরে নাসিরনগরে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরে বের করা হয়। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন পারভেজ মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন, জেলা বিএনপির সদস্য মোঃ ইব্রাহিম ভুইয়া রেনু, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বিএনপি নেতা আজিজুর রহমান চৌধুরী,আমিরুল হোসেন চোকদার, রেজাউল করিম পাঠান, জালাল আহমেদ, লুত্ফুর নাহার পাপড়ি, তাজমহল বেগম প্রমুখ।
সীতাকুণ্ডে টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ১
সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে সংবাদদাতা \ সীতাকুণ্ডে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। জানা যায়, পৌরসভাস্থ পন্থিছিলা এলাকার হাজীপাড়া গ্রাম থেকে কামাল উদ্দিনের ছেলে মহরম আলী (২২) কে পুলিশ আটক করে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইফতারের আগে পন্থিছিলা এলাকার ব্যবসায়ী আবু তাহের কোম্পানী তার ব্যবসার ৭০ হাজার টাকা নিয়ে আসার সময় সন্ত্রাসী মহরম আলীসহ ১০/১২জন তাকে এলোপাতাড়ি ধারালো রামদা দিয়ে কুপিয়ে তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া রমজানের পূর্বে পৌর সদর বাজার ব্যবসায়ী বেলালকে রাতে নির্জন স্থানে কুপিয়ে ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে পন্থিছিলা এলাকাবাসীসহ পুলিশ ধারণা করছে।
রামগঞ্জে দরিদ্রের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ জেলার রামগঞ্জ উপজেলায় গতকাল শনিবার স্থানীয় সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়ালের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে দরিদ্রদের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজান, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, পৌর মেয়র বেলাল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, যুবলীগ সভাপতি এমরান হোসেন এমু সহ আওয়ামী লীগ ও তরিকত ফেডারেশনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আত্রাইয়ে বালু উত্তোলনের অভিযোগে নৌকা আটক
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর আত্রাইয়ে ইজারাদারকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে আত্রাই নদীর বালু মহাল ইজারাদার বালি বোঝায় ৪-৫টি নৌকা বান্দাইখাড়া নামক স্থানে আটকিয়ে রাখেন। এসব নৌকা চালকদের নিকট বালুমহাল ইজারাদার প্রদত্ত কোন রশিদ না থাকায় তাদেরকে আটকে রাখা হয়। নৌকা মালিক মোঃ আজিজুল বলেন, আমরা নওগাঁর মান্দা থানার মিঠাপকুর নামক স্থান থেকে বালু নিয়ে আসছি। তাকে খাজনার রশিদের কথা বলা হলে তিনি বলেন, আমাদের কোন রশিদ দেয়া হয় নাই। আমরা ছাইফুল সরদার বুলবুলের কাছ থেকে টাকা দিয়ে বালু কিনেছি। এ ব্যাপারে আত্রাই বালু মহাল ইজারাদার মোঃ সবদুল সরদার ও আঃ খালেক বিশা বলেন, প্রতিবারের চেয়ে এবারের বালু মহালের ডাক আনেক বেশি এ ছাড়াও উচ্চ আদালতে মামলার কারণে আমরা দুই মাস পর এ বালু মহাল বুঝে পেয়েছি। এখানে কেউ টোল প্রদান ব্যাতিরেকে অন্যায়ভাবে বালু উত্তোলন করে নিয়ে যায় তা হলে আমরা চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হবো। এতে করে ভবিষ্যতে সরকারও রাজস্ব বঞ্চিত হবে। এ ব্যাপারে ছাইফুল সরদার বুলবুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বালি বিক্রয় করছি তবে আত্রাই নদী বালু মহাল ইজারাদার তাদের সীমানায় বালি উত্তোলন করলে খাজনা নিতে পারেন। আমার সীমানার খাজনা নেয়া বা দেখার মালিক তারা নন।
ফকিরহাটে সফল সংগঠককে ক্রেস্ট প্রদান
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাট জেলার ফকিরহাটে জাতীয় মত্স্য সপ্তাহ ২০১৪ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে মত্স্য অধিদপ্তরের পক্ষ হতে তরুণ উদ্যোক্তা ও সফল সংগঠক হিসাবে সজিব বিশ্বাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ইউএসএআইডির অর্থায়নে ওয়াল্ডফিসের পরিচালনায় বাগেরহাটের ফকিরহাট ও খুলনার রূপসাসহ ৫টি উপজেলার কয়েক হাজার মত্স্য চাষিকে স্বাবলম্বি করার জন্য ১১৪টি গ্রুপে ২৫২০ জনকে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, কৃষি অফিসার মোঃ মোতাহার হোসেন, সমাজসেবা অফিসার তরফদার মোঃ রাকিবুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ।
সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলের মূল ইউনিট চালু
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরার একমাত্র বস্ত্র শিল্প সুন্দরবন টেক্সটাইল মিলের মূল ইউনিটের ২০টি মেশিন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। গতকাল শনিবার পরীক্ষামূলক ২০টি মেশিন চালু করা হয়। চালুকৃত কারখানা পরিদর্শন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন টেক্সটাইল মিলের মহাব্যবস্থাপক প্রকৌঃ জুলহাস মিয়া, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল্লাহ সরদার, কারীগরি বিভাগীয় প্রধান মোঃ খলিলুর রহমান, হিসাব বিভাগীয় প্রধান মোঃ মিজানুর রহমান প্রমুখ।
লাকসামে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ লাকসামের উত্তরদা ইউনিয়নের খিলপাড়া গ্রামে পুকুরে বিষ ঢেলে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উত্তরদার মৃত মোখলেছুর রহমানের ছেলে আবদুর রহমান জানান, তার বেড়িতে গত শুক্রবার রাতে মৃত মাছ ভেসে ওঠার খবর পেয়ে ছুটে এসে দেখেন ওই পুকুরের ২ লক্ষাধিক টাকার ছোট-বড় তেলাপিয়া মাছ নিধন করা হয়েছে। তিনি জানান, ব্যক্তিগত শত্রুতার জের ধরে স্থানীয় খিলপাড়ার জহিরুল হক এ মাছ নিধন করেছে।
মেলান্দহে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে ওপেন হাউজ ডে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার নজরুল ইসলাম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অফিসার ইনচার্জ ওসি নাসিমূল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেলান্দহে আইন-শৃঙ্খলা, ন্যায় বিচারপ্রাপ্তি ও বিচারের নামে হয়রানি বন্ধের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব রুস্তম আলী ঠিকাদার, প্রভাষক শফিউল আলম স্বপন, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-মানবাধিকার কর্মী শাহ্ জামাল, যুগ্ম সম্পাদক সাংবাদিক মাসুদ রানা প্রমুখ।
সভাপতি কবীর সম্পাদক ইমরান সিদ্ধিরগঞ্জে প্রেসক্লাবের কমিটি গঠন
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় মুহাম্মদ কবীর হোসেনকে (দৈনিক সংবাদ) সভাপতি ও এ এইচ ইমরানকে (দৈনিক খবর/ সম্পাদক ও প্রশাসক, সাপ্তাহিক এশিয়া বিচিত্রা) সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৪-২০১৬ মেয়াদের জন্য সহ-সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক এস এম আমীর হোসেন, অর্থ সম্পাদক নেজাম উদ্দিন শাহীন, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন সবুজ ও শামীম রহমান নির্বাচিত হয়।
বিরামপুরে ইসলামী ব্যাংকে গ্রাহক সমাবেশ
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরতে গতকাল শনিবার ইসলামী ব্যাংক বিরামপুর শাখায় গ্রাহক ও সুধী সমাবেশ হয়েছে। এতে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ফুলবাড়ী, পার্বতীপুর ও ঘোড়াঘাট উপজেলার গ্রাহক, ব্যবসায়ী ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। ব্যাংকের রংপুর জোন প্রধান এভিপি মোঃ শহীদুল্লাহর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, অধ্যক্ষ ড. নূরুল ইসলাম। বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন, ইউএনও এসএম মনিরুজ্জামান আল-মাসউদ, পৌর মেয়র আজাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিন্নাহ, শাখা প্রধান হারুন উর রশীদ, বণিক সমিতির সভাপতি মাওঃ আশরাফুল ইসলাম, আল-মারুফ ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ব্যবসায়ী জহুরুল ইসলাম প্রমুখ।
অষ্টগ্রামে বিদ্যুত্ অফিসে হামলা ও ভাংচুর
কিশোরগঞ্জ প্রতিনিধি \ গতকাল শনিবার সকাল দশটায় কয়েকশ’ বিক্ষুব্ধ বিদ্যুত্ গ্রাহক অষ্টগ্রাম উপজেলা সদরের মসজিদ জাম এলাকায় অবিস্থত পল্লীবিদ্যুত্ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। ভাংচুরের পর অফিসের যাবতীয় কাগজ ও আসবাবপত্র উত্তেজিত গ্রাহকরা সংলগ্ন পুকুরের পানিতে ফেলে দেয়। ওই সময় অফিসের কর্মচারীরা ভয়ে পালিয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সাংবাদিক দেবপদ চক্রবর্তী মরুসহ অনেক বিদ্যুত্ গ্রাহক অভিযোগ করেন, গত এক সপ্তাহ যাবত্ এলকাবাসীরা চরম বিদ্যুত্ বিভ্রাটের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন। গড়ে দৈনিক ২/৩ ঘন্টার বেশি বিদ্যুত্ থাকে না। গত তিনদিন ধরে গ্রাহকরা একেবারেই বিদ্যুিবহীন অবস্থায় কাটাচ্ছেন। পল্লীবিদ্যুত্ সমিতি সূত্রে জানা যায়, বাজিতপুরের হুমাইপুর হাওরে বিদ্যুতের একটি খুঁটি ভেঙ্গে যাওয়াই এই দুর্ভোগের কারণ। মেরামত কাজ চলছে বলে জানানো হয়।
সীতাকুণ্ড থানায় ৭ বছর পর ওপেন হাউজ ডে’
সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে সংবাদদাতা \ সীতাকুণ্ডে দীর্ঘ ৭ বছর পর মডেল থানার উদ্যোগে ওপেন হাউজ-ডে’ তে সাধারণ জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গতকাল শনিবার থানা অফিসার ইন্চার্জ ইফতেখার হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম শহিদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান এস. এম. আল মামুন, উপজেলা সাবেক চেয়ারম্যান ও আঃ লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া, সীতাকুন্ড মডেল থানার এ.এস.পি সার্কেল সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন ছাবেরীসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
আড়াইহাজারে ইসলামী ব্যাংকের সভা অনুষ্ঠিত
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ ইসলামী ব্যাংক আড়াইহাজার শাখার উদ্যোগে গতকাল শনিবার অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা দক্ষিণ জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ ওবায়দুল হক। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। প্রধান আলোচক ছিলেন প্রফেসর হাফেজ ক্বারী মাওলানা কাজী ইবরাহীম। এ সময় কাজী জসীমউদ্দীন, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আড়াইহাজার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমানউল্লাহ আমান, মাওলানা রফিউদ্দিন, মাওলানা খোরশেদ আলম, বরেণ্য ক্বারী মাযহারুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন অর রশিদ, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।
নীলফামারী কারাগারে রোজা পালন করছেন ৪৫৪ বন্দী
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জেলা কারাগারে সাড়ে তিনশ’ বন্দি নিয়মিত রোজা পালন করছেন। রমজানের প্রথমদিন থেকে এসব বন্দির পেছনে ইফতার বাবদ খরচ করা হচ্ছে ১৫ টাকা। বর্তমানে এই জেলা কারাগারে ৪৫৪ জন বন্দি রয়েছেন। এর মধ্যে রোজা পালন করছেন সাড়ে তিনশ’ জন। মুড়ি, জিলাপি, খেজুর, পিঁয়াজু, কলা, গুড়সহ ৭ প্রকারের খাদ্য দেয়া হচ্ছে ইফতার সামগ্রীতে। জেলা কারাগারের সুপার কিশোর কুমার নাগ জানান, বন্দি রোজাদারদের মাঝে ইফতার বাবদ ১৫ টাকা ব্যয় করা হচ্ছে সরকারিভাবে। বরাদ্দকৃত টাকার মধ্যেই বন্দি রোজাদারদের মধ্যে খাদ্য সরবরাহ করা হচ্ছে। এদিকে উল্টো চিত্র নীলফামারী শিশু সদনে (এতিমখানা)। ইফতারি বাবদ কোন বরাদ্দ না থাকলেও নিয়মিত খাওয়ার টাকা থেকে সমন্বয় করে ইফতার সামগ্রী দেয়া হচ্ছে। সূত্র জানায়, এখানে ৮৯ জন অবস্থান করলেও ৪৬ জন রোজা পালন করছেন। সমাজসেবা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আব্দুস সোবহান জানান, দেশের কোন শিশু সদনে ইফতার বাবদ সরকারি বরাদ্দ নেই।
