ইত্তেফাক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিকটবর্তী এলাকার উন্নয়নে ১০ কোটি পাঁচ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ‘দ্য ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্ট’ এর আওতায় কামরাঙ্গির চর, লালবাগ, সূত্রাপুর-নয়াবাজার-গুলিস্তান, খিলগাঁও-মুগদা-বাসাবো অঞ্চলের নাগরিক সুবিধা বৃদ্ধি করা হবে। বিশেষ করে এই অঞ্চলের পার্ক, খেলার জায়গা, জলাধার, সড়ক, হাঁটারাস্তা এবং কমিউনিটি সেবার উন্নয়ন করা হবে। ফলে প্রায় ১০ লাখ মানুষ উপকৃত হবে বলে বিশ্বব্যাংক আশা করছে।
এ লক্ষ্যে গতকাল শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব জাহিদুল হক এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসেন চুক্তিতে সই করেন। এ সময় জাহিদ হোসেন উল্লেখ করেন, দেশের এক-তৃতীয়াংশ নগরবাসী ঢাকায় বাস করছে। এটা বিশ্বের ঘনবসতিপূর্ণ এলাকার অন্যতম। অপর্যাপ্ত অবকাঠামো, নাগরিক সুবিধার অভাব এবং প্রচুর যানজট এখানে নিত্যসঙ্গি। এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এসব চ্যালেঞ্জ কিছুটা হলেও লাঘব হবে।
নাগরিক সুবিধার বিষয়ে বিশ্বব্যাংক উল্লেখ করেছে, রাজধানীর ৯৩ ভাগ নারী পাবলিক টয়লেট ব্যবহার করে না। ৪২ শতাংশ মানুষ মনে করেন দেশের পার্কগুলো নিরাপদ নয়। এ প্রকল্পটির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার উদ্যানগুলোকে নারী, বৃদ্ধ এবং শিশুদের ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হবে। তাছাড়া পুলিশ পোস্ট, হেলথ ক্লিনিকসহ নাগরিক সুবিধার বিষয়গুলো স্থাপন করা হবে। দুই শতাংশ ঋণে পাঁচ বছর রেয়াতকালসহ ৩০ বছর মেয়াদে এই ঋণ পরিশোধ করতে হবে।
