দেশের বিকাশমান শিল্পের মধ্যে সিমেন্ট শিল্প অন্যতম। সাম্প্রতিক সময়ের বিভিন্ন নেতিবাচক পদক্ষেপের কারণে হুমকিতে পড়েছে এ শিল্পের বিকাশ। সম্প্রতি সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রকাশিত গেজেটের কারণে সিমেন্ট শিল্প সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে। গেজেট প্রকাশের পর দেশের নির্মাণ শিল্প খাতে দেখা দিয়েছে অস্থিরতা। তাই এ শিল্পের বিকাশের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে নীতিমালায় সিমেন্ট শিল্পের ওপর চাপিয়ে দেয়া নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা। নৌপরিবহন মন্ত্রণালয়সহ সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের হস্তক্ষেপও দাবি করেছেন তারা।
সিমেন্ট শিল্পের উদ্যোক্তারা জানিয়েছে, নৌপথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের পণ্যবাহী নৌযান চলাচল করলেও নৌপরিবহন মন্ত্রণালয়ের সমুদ্র পরিবহন অধিদপ্তর বিশেষ নীতিমালার গেজেট করেছে কেবল সিমেন্ট শিল্পকে টার্গেট করে। সিমেন্ট শিল্পের নিজস্ব জাহাজগুলোকে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডাব্লিউটিসি) আওতায় চলাচলের নির্দেশনা নজিরবিহীন। নীতিমালার ফলে শিল্প প্রতিষ্ঠানগুলোর নিজেদের জাহাজে নিজস্ব পণ্য পরিবহনের স্বাধীনতা খর্ব হয়েছে। নিজেদের মালিকানায় জাহাজ থাকলেও নিজস্ব প্রয়োজনে ব্যবহার করা যাবে না। এমনকি নিজস্ব জাহাজ বসিয়ে রেখে বাইরের জাহাজ ভাড়ায় ব্যবহার করতে হবে। এতে গুটিকয়েক ব্যক্তির কাছে শিল্পমালিক ও আমদানিকারকরা জিম্মি হয়ে পড়বেন। যা কোনোমতেই ব্যবসাবান্ধব নয়।
প্রসঙ্গত, গত ২১ মে ‘সমুদ্র পরিবহন অধিদপ্তরের নিবন্ধিত লাইটার জাহাজযোগে বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহে পণ্য পরিবহন-সংক্রান্ত নীতিমালা ২০১৩’ জারি হয়।
