পরিবেশের জন্য গাছ

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:৩৯
গাছের সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড়। একে অপরের পরিপূরক। এখন গাছের চারা রোপণের সুসময়। সরকারের সঙ্গে বেসরকারিভাবেও বৃক্ষ চারা রোপণ চলছে। গ্রামগঞ্জে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান, যুব সংগঠন সকলে গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। গাছ লাগানোর সময় বৃক্ষবৈচিত্র্যের ব্যাপারে দৃষ্টি রাখা প্রয়োজন। তবে কেবল গাছ রোপণ করাই শেষ কথা নয়। এর লালন-পালন ও পরিচর্যার বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ। গাছ রোপণের ব্যাপারে ছোট ছোট ছেলেমেয়েদের উত্সাহিত করা প্রয়োজন। ছোট বয়সে গাছ রোপণ করলে গাছ বেড়ে ওঠার পর গর্ব করে বলতে পারবে যে, এ গাছটি আমি রোপণ করেছি এবং মনের মধ্যে এক অনাবিল আনন্দ জেগে উঠবে। এমন অনেক লোক আছেন যাঁরা জীবনে একটি গাছও লাগাননি। গত ১০ জুন সরকারের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশবাসীকে বনজ, ফলদ, ভেষজ গাছের চারা রোপণের আহ্বান জানান। স্বহস্তে একটি গাছ লাগিয়ে আপনার এবং সকলের মঙ্গল করুন। সুমিত্র বিকাশ বড়ুয়া, নন্দনকানন, চট্টগ্রাম